২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া ট্রাস্ট মামলা অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি ১৪ ফেব্রুয়ারি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করা হবে কি না, তা ঠিক হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 11:45 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করা হবে কি না, তা ঠিক হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক রোববার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির জন্য এই দিন করেছেন। বিরোধীদলীয় নেতাসহ চার জনের বিরুদ্ধে গত ১৬ জানুয়ারি অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা হারুনুর রশীদ। এতে আসামিদের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় ৩ কোটি ১৫ লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, রাজনৈতিক সচিবের এপিএস জিয়াউল ইসলাম (মুন্না) এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম খান। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর খালেদার বিরুদ্ধে দেওয়া কোনো মামলায় এটাই প্রথম অভিযোগপত্র। এ মামলায় সাক্ষী করা হয়েছে ৩৬ জনকে। গত বছরের ৮ অগাস্ট তেজগাঁও থানায় দায়ের করা এ মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি। দুদকের অনুমোদিত অভিযোগপত্রে বলা হয়েছে, জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা এসেছে অবধৈ উৎস থেকে। ঢাকার আদালতে ফৌজদারি মামলা পরিচালনকারী আইনজীবীদের অন্যতম আমিনুল গণি টিটু জানান, এ মামলায় আসামিদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে। দোষী সাব্যস্ত হলে তাদের আত্মসাৎ করা অর্থও রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা এই মামলায় জামিনে রয়েছেন। গত ৮ ডিসেম্বর হাইকোর্টে দেওয়া জামিনের আদেশ গত মঙ্গলবার বিচারিক আদালতে দাখিল করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/এমআই/১৭৪০ ঘ.