ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি কেবল গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পক্ষে- এমন মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সামরিক অভ্যুত্থান ব্যর্থ হওয়ার খবরে তারা সন্তুষ্ট।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ বলেন, “আমরা বাংলাদেশে আর কোনো সেনা অভ্যুত্থান দেখতে চাই না। সেনা অভ্যুত্থান ব্যর্থ হয়েছে শুনে আমরা খুশি হয়েছি।”
“তবে সরকারের ব্যর্থতার কারণে দেশে এক ধরনের অনিশ্চিয়তা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটেছে, দ্রব্যমূল্যে মানুষ অস্থির হয়ে আছে। এই অনিশ্চিয়তা থেকে পরিত্রাণ পেতেই দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন চায়”, যোগ করেন তিনি।
সেনাবাহিনী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানায়, কিছু প্রবাসী বাংলাদেশির ইন্ধনে সেনাবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত কয়েকজন ‘ধর্মান্ধ’ কর্মকর্তা স¤প্রতি বাংলাদেশের ‘গণতান্ত্রিক ধারা’ ব্যাহত করার প্রয়াস চালায়, যা সেনাবাহিনীর ঐকান্তিক চেষ্টায় প্রতিহত করা হয়েছে।
ওইদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে প্রধান বিরোধী দল বিএনপির দিকে অভিযোগের আঙুল তোলেন। তিনি বলেন, “তারা আন্দোলনের নামে গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করতে মরিয়া হয়ে উঠেছে। যুদ্ধাপরাধীদের বাঁচাতে সরকারকে হুমকি দিচ্ছে।”
জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরামের আলোচনা সভায় সাবেক আইনমন্ত্রী মওদুদ বিএনপির আন্দোলনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, “আমাদের আন্দোলনের লক্ষ্য সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত, গণতন্ত্র শক্তিশালীকরণ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। এ লক্ষ্যেই আমাদের আন্দোলন চলছে।”
সরকার গত বছর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই সমমনাদের নিয়ে বিএনপি আন্দোলন চালিয়ে আসছে।
দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে উল্লেখ করে মওদুদ বলেন, “ওই ধরনের নির্বাচন জনগণও মেনে নেবে না।”
পঞ্চদশ সংশোধনীর সমালোচনা করে মওদুদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এ সংশোধনী বাতিল করবে।
আবদুল্লাহ হিল মাসুদের সভাপতিত্বে ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন গঠন’ শীর্ষক এই আলোচনা সভায় অন্যদের মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪৩০ ঘ.
bdnews24