২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র বিপন্ন হতে দেওয়া হবে না: দীপু মনি

সরকার উৎখাতে কতিপয় সেনা কর্মকর্তার পরিকল্পনা সেনাবাহিনী ভেস্তে দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

চাঁদপুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার উৎখাতে কতিপয় সেনা কর্মকর্তার পরিকল্পনা সেনাবাহিনী ভেস্তে দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্রকে বিপন্ন করে-এ ধরনের কোনো কাজ সহ্য করা যায় না, সহ্য করা হবে না।” দীপু মনি শুক্রবার চাঁদপুরে সাংবাদিকদের একথা বলেন। একদিন আগেই সেনাবাহিনী জানায়, বাহিনীর বর্তমান ও সাবেক কয়েকজন ধর্মান্ধ কর্মকর্তা কয়েকজন প্রবাসীর ইন্ধনে ষড়যন্ত্র করছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে তদন্ত আদালত গঠিত হয়েছে, তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সম্পর্কে কোনো তথ্য দেওয়া সম্ভব নয়। এই কুচক্রী মহল যারাই হোক না কেন তা নিশ্চয়ই উদঘাটিত হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ” সেনা কর্মকর্তাদের এই ষড়যন্ত্রে কোনো রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “যেভাবে কোনো কোনো মহল থেকে বিশেষ করে একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে, তা দায়িত্বহীন ও কাণ্ডজ্ঞানহীন।” নাম না বললেও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দিকে যে দীপু মনির এই ইঙ্গিত তা স্পষ্ট। বিএনপি চেয়ারপারসন গত ৯ জানুয়ারি অভিযোগ করেন, অনেক দেশপ্রেমিক সেনা কর্মকর্তা গুম করা হচ্ছে। নাম উল্লেখ না করে খালেদার এই বক্তব্যের সমালোচনা করেছে সেনাবাহিনীও। দীপু মনি শুক্রবার চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের চরফতেজংপুর এলাকায় কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। এদিন চরফতেজংপুর কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনও করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/২০২৫ ঘ.