২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হিযবুতের মিছিলের চেষ্টা

সরকার উৎখাতের চক্রান্তে হিযবুত তাহরির সম্পৃক্ত এক সেনাকর্মকর্তার কথা সেনাবাহিনী প্রকাশ করার পরদিনই চট্টগ্রামে মিছিলের চেষ্টা চালিয়েছে নিষিদ্ধ এই সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার উৎখাতের চক্রান্তে হিযবুত তাহরির সম্পৃক্ত এক সেনাকর্মকর্তার কথা সেনাবাহিনী প্রকাশ করার পরদিনই চট্টগ্রামে মিছিলের চেষ্টা চালিয়েছে নিষিদ্ধ এই সংগঠনটি। শুক্রবার জুমার নামাজের পর বন্দরনগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে হিযবুত সদস্যদের মিছিলের চেষ্টা মুসল্লিরা প্রতিহত করেন বলে পুলিশ জানিয়েছে। এর আগে সকালে ঢাকায় এই সংগঠনটির পাঁচ কর্মীতে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার (এসি) এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুমার নামাজের মোনজাত শেষ হওয়া মাত্র প্রচারপত্র বিলি শুরু করে হিযবুত সদস্যরা। “এ সময় মসজিদ প্রাঙ্গণে স্লোগান দিয়ে হিযবুত সদস্যরা মিছিলের চেষ্টা করলে সাধারণ মুসল্লিরা বাধা দেন। তাদের ধাওয়ায় অন্যদের সঙ্গে মিশে দ্রুত মসজিদ প্রাঙ্গণ ছেড়ে যায় নিষিদ্ধ সংগঠনটির সদস্যরা,” বলেন তিনি। মসজিদের পূর্ব ফটক সংলগ্ন চত্বরের দক্ষিণ অংশে নামাজের জন্য সমবেত হয় হিযবুত তাহরির সদস্যরা। নামাজের এক ফাঁকে ওই চত্বরের সীমানা রেলিংয়ে ‘খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করুন, হিযবুত তাহরীর’ লেখা একটি ব্যানার টানায় তারা। ব্যানারটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা তানভীর। মসজিদে মোট কত জন হিযবুত সদস্য উপস্থিত ছিলো সে সংখ্যা স্পষ্ট করে জানাতে পারেনি পুলিশ। পুলিশ কর্মকর্তা তানভীর বলেন, নামাজের সময় এ এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা আন্দরকিল্লা মোড়ে মসজিদের মূল ফটকের নিচে ও পূর্ব ফটকের আশপাশে অবস্থান করছিল। হট্টগোলের শব্দ শুনে ভেতরে গিয়ে ওই সংগঠনের কাউকে পাওয়া যায়নি। হিযবুত তাহরিরের প্রচারপত্রে লেখা আছে, “হে সেনা অফিসারগণ! আপনাদের ভাইদের হত্যাকারী হাসিনাকে অপসারণ করুন এবং আপনাদের ও এদেশের মুসলিমদেরকে মার্কিন-ভারতের নিয়ন্ত্রণ থেকে রক্ষা করতে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করুন।” প্রচারপত্রে সেনা কর্মকর্তাদের ‘এই মুহুর্তে বর্তমান শাসনব্যবস্থা ও হাসিনাকে ক্ষমতা থেকে আপসারণ’ করার আহ্বানও জানানো হয়। বৃহস্পতিবার সেনাবাহিনী এক সংবাদ সম্মেলনে জানায়, তারা সরকার উৎখাতে অভ্যুত্থানের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে, যাতে জড়িত ছিলেন সৈয়দ জিয়াউল হক নামে এক মেজর, যিনি হিযবুত তাহরির সম্পৃক্ত। সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী, জিয়া পালিয়ে থেকে ষড়যন্ত্র করছেন। জঙ্গি তৎপরতার অভিযোগে হিযবুত তাহরিরকে আড়াই বছর আগে নিষিদ্ধ করা হলেও প্রচারপত্র বিলি এবং পোস্টার সাঁটানোর মাধ্যমে সংগঠনটির তৎপরতা দৃশ্যমান। এদিকে দুপুরে মসজিদে প্রচারপত্র বিলির পর সন্ধ্যায় নগরীর কয়েকটি সংবাদ মাধ্যম কার্যালয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে হিযবুত তাহরির। সন্ধ্যা ৭টায় নগরীর এনায়েত বাজারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যায় এক যুবক। তার সঙ্গে কথা বলতে চাইলে তড়িঘড়ি করে তিনি কার্যালয় ত্যাগ করেন। একই ভবনে দৈনিক ডেসটিনি কার্যালয়েও সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। ‘হিযবুত তাহরির- এর মিডিয়া কার্যালয়, উলাই’ য়াহ্ বাংলাদেশ’ এর পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে মসজিদে বাদ জুমা সমাবেশের আয়োজন করা হয়েছিল। সংবাদ বিজ্ঞপ্তিটির ওপরের ডানপাশে হিযবুত তাহরিরের পতাকা সম্বলিত প্রতীক ছাপানো রয়েছে। বিজ্ঞপ্তির নিচের অংশে টেলিফিান, ই- মেইল ও ফ্যাক্স’র ছক থাকলেও তাতে কোনো নম্বর নেই। এই বিষয়ে পুলিশ কর্মকর্তা তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা খোঁজ নিয়ে দেখছি, এ ঘটনায় কারা জড়িত।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/এমআই/১৮৪১ ঘ.