ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসাপত্রে পরামর্শ দেওয়ার তিন দিন পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যুদ্ধাপরাধের অভিযোগে আটক গোলাম আযমের এমআরআই করানো হয়েছে।
বুধবার বিকালে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। তবে তাকে নিয়ে পুলিশের প্রিজন ভ্যান সকাল থেকেই হাসপাতালে ছিল।
কড়া নিরাপত্তার মধ্যে সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেলে পৌঁছানোর পর এমআরআই করিয়ে ৭ টার দিকে তাকে পুনরায় বিএসএমএমইউ’র প্রিজন সেলে ফেরত আনা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএসএমএমইউ হাসপাতালের এমআরআই মেশিন নষ্ট থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকা মেডিকেলে এমআরআই করানোর পরামর্শ দেয়। সে অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়।”
মুক্তিযুদ্ধকালীন জামায়াতে ইসলামীর আমির গোলাম আযমকে আনা-নেওয়ার দায়িত্বে থাকা শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কঠোর নিরাপত্তার মধ্য তাকে আনা-নেওয়া করা হয়। কোনো অসুবিধা হয়নি।”
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার সরাসরি বিরোধিতাকারী গোলাম আযমকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে, এতে যেতে সময় লেগেছিল ২০ থেকে ২৫ মিনিট। তবে হাইকোর্টের ওপার দিয়ে শিশু পার্কের সামনে দিয়ে তাকে ফিরিয়ে আনার সময় প্রায় পৌনে এক ঘণ্টা সময় লাগে।
কোমরে ব্যথা হওয়ায় গোলাম আযমের এমআরআই করাতে হয়েছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড রোববার এমআরই করানোর কথা বললেও তা হয়েছে তিন দিন পর।
গোলাম আযমকে গত ১১ জানুয়ারি কারাগারে পাঠানোর দিনই বিএসএমএমইউতে নেওয়া হয়। এরপর থেকে গোলাম আযম হাসপাতালেই রয়েছেন।
অভিযোগ উঠেছে, স্বাস্থ্য পরীক্ষার নামে কালক্ষেপণের মাধ্যমে যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর তাত্ত্বিক নেতা গোলাম আযমকে হাসপাতালে থাকার সুযোগ করে দেওয়া হচ্ছে।
বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল মজিদ ভূঁইয়া জানান, তাদের এমআরআই মেশিনটি প্রায় সাত বছর থেকে নষ্ট। এজন্য গোলাম আযমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে থাকা গোলাম আযমকে কী চিকিৎসা দেওয়া হচ্ছে- জানতে চাইলে তার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার উচ্চ রক্তচাপ রয়েছে, প্রস্টেট গ্রন্থিতে সমস্যা রয়েছে, বাতজনিত সমস্যা রয়েছে, গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৯৪১ ঘ.
bdnews24