ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অরাজকতা সৃষ্টির লক্ষ্যে পুলিশের ওপর অতর্কিত হামলা হলে সেভাবেই তা মোকাবেলার জন্য পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
বুধবার মিরপুরে পুলিশের দুটি ব্যারাক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার তার বাহিনীর জন্য বরাদ্দ বাড়াতে সরকারের প্রতি অনুরোধ করেন।
সীমিত সম্পদের কথা তুলে ধরে পুলিশ বাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাহারা খাতুন বলেন, “এই সময়ে পুলিশ সবচেয়ে ঝুঁকি নিয়ে কাজ করছে। জামায়াত-শিবির যেভাবে পুলিশের ওপর একের পর এক হামলা চালাচ্ছে, পুলিশ তা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করছে।
“যারা দেশে অরাজকতা সৃষ্টির মাধ্যমে যুদ্ধাপরাধীর রক্ষা করতে চায়, পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়, তাদের সেভাবেই মোকাবেলা করতে হবে,” বলেন তিনি।
গত বছরের সেপ্টেম্বরে এবং যুদ্ধাপরাধের অভিযোগে গোলম আযমকে কারাগারে পাঠানোর পর এই মাসের ১২ তারিখে জামায়াতে ইসলামী নেতা-কর্মীরা অতর্কিতে পুলিশের ওপর চড়াও হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছে। যদিও সম্পদ সীমিত, তারপরও পুলিশের রেশন, ঝুঁকি ভাতা বাড়ানোসহ পরিদর্শকদের পদমর্যাদা প্রথম শ্রেণীতে এবং উপপরিদর্শকদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করেছে।
অনুষ্ঠানে এর আগে পুলিশপ্রধান স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, পুলিশের পেছনে অর্থ খরচ ব্যয় নয়, বিনিয়োগ হিসাবে দেখুন। তা হলে চিন্তার প্রসার ঘটবে, আস্থা বাড়বে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদও পুলিশের নানা সমস্যার কথা তুলে ধরেন।
‘মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ ব্যারাকের এই অনুষ্ঠানে সংসদ সদস্য কামাল অহমেদ মজুমদার, সাহিদা তারেক দিপ্তীও ছিলেন। সরকারদলীয় দুই সংসদ সদস্যই বলেন, বর্তমান সরকারের সময়ে পুলিশের সুযোগ সুবিধা বেড়েছে।
দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনীকে তৎপরতার সঙ্গে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে পুলিশকে সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় ব্যক্তিদের প্রতিও আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৭৫০ ঘ.
bdnews24