২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময় হলেই অ্যাটাক: এরশাদ

গোটা লং মার্চে ‘সময়মতো’ মহাজোট ছাড়ার ঘোষণা দিয়ে আসা জাতীয় পার্টির চেয়ারম্যান শেষ জনসভায়ও বলেছেন, এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত থেকে পিছু হটবেন না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 11:50 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

শহীদুল ইসলাম ও আতিয়ার বাড্ডা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
নীলফামারী, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামীতে এককভাবে নির্বাচন করার কথা আবারো উল্লেখ করে ক্ষমতাসীন জোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, এই সিদ্ধান্ত থেকে তাকে কেউ সরাতে পারবে না। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে দুই দিনের লং মার্চ শেষে বুধবার বিকালে নীলফামারীর তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে এক জনসভায় তিনি বলেন, “মহাজোটে যোগ দিয়ে আমি কী পেয়েছি সেটি বড় কথা নয়, তোমরা কী পেয়েছো? অত্যাচার, সন্ত্রাস পেয়েছো। তাহলে কী করা দরকার? আমি তো সৈনিক মানুষ। আমি জানি, কখন অ্যাটাক করা লাগে।” “অপেক্ষা করো, সে মুহূর্ত আসলেই অ্যাটাক করবো,” জোরের সঙ্গে বলেন সাবেক এই সামরিক শাসক। এরশাদ বিকেল ৩টার দিকে নীলফামারী পৌঁছানোর আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তিনি মঞ্চে ওঠার আগে জাতীয় পার্টির মহাজোট ছাড়ার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে উপস্থিত নেতাকর্মীরা। দলের বেশিরভাগ সভাপতিমণ্ডলীর সদস্যও মহাজোট ছাড়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন। এর আগে বেলা পৌনে ১২টার দিকে রংপুর জিলা স্কুলের সামনে থেকে লং মার্চের দ্বিতীয় দিনের যাত্রা শুরু করেন জাতীয় পার্টি চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, “১৯৯০ সালের ৫ অগাস্ট তিস্তা ব্যারেজ উদ্বোধন করলেও সরকার তিস্তা চুক্তি করতে পারেনি। আমরা এই কর্মসূচির মাধ্যমে প্রতিবাদের ঝড় তুলবো। তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই।” তিস্তা অভিমুখে লং মার্চকে দেশের প্রতিটি মানুষের কর্মসূচি হিসেবে উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “আমি আশা করবো সব দল ও মানুষ এ কর্মসূচিতে সমর্থন দেবে। মানুষের মধ্যে সুখ নেই, শান্তি নেই। আমাদের এই প্রতিবাদের কণ্ঠ ভারতে পৌঁছাক।” উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে দলীয় নেতাকর্মীরা গাড়ি নিয়ে লং মার্চে যোগ দেন। রংপুর থেকে নীলফামারী যাওয়ার পথে লোকজন রাস্তার পাশে ব্যানার-ফেস্টুন-প্ল্য¬াকার্ড নিয়ে এরশাদকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে এর জবাব দেন। ৪টা ২০ মিনিটে মঞ্চে উঠে আঞ্চলিক ভাষায় প্রায় ২৩ মিনিট বক্তব্য দেন রংপুরের সন্তান এরশাদ। এ সময় তার পরনে ছিল ছাই রঙের স্যুট-টাই, চোখে সানগ্ল¬াস। সভাপতির বক্তব্য দিতে গিয়ে এরশাদ কখনো উত্তেজিত কণ্ঠে, কখনো আঞ্চলিক ভাষায়, কখনো ক্ষোভ, আবার কখনো কখনো শান্ত ভঙ্গিমায় থেমে থেমে কথা বলেন। এরশাদ বলেন, “একলাই নির্বাচন করবো। কালকেও যদি নির্বাচন হয়, তাহলে আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। উই আর রেডি টু ডে। আমরা ইনশাআল্ল¬াহ ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত আছি।” “পৃথিবীর কোনো শক্তি আমাকে এ সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না। গোপনে দলের শক্তিও বাড়িয়েছি,” যোগ করেন তিনি। তিস্তা চুক্তির দাবিতে ৬৪ জেলার লোক রংপুরে একত্রিত হয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে দাবি করেন তিনি। রংপুরের আঞ্চলিক ভাষায় এরশাদ বলেন, “আজ আমি তুমাদের ভালাবাসা দেখি গেনু। এ ভালোবাসা ভুলবার নয়।” তিনি বলেন, “রাস্তা ও বিদ্যুৎ দেওয়া গেলে মানুষ নিজের ভাগ্য নিজেই পরবর্তন করতে পারবে এটা আমি জানতাম। এজন্য রাস্তা নির্মাণ করেছিলাম, বিদ্যুৎ দিয়েছিলাম।” ক্ষমতায় থাকাকালে করা উত্তরাঞ্চলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন এরশাদ। নীলফামারী, লালমনিরহার, রংপুর, দিনাজপুর ও কুড়িগ্রামে তার সময়ে ১২টি কলেজ ও ১২টি স্কুলকে সরকারি করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, “আমি ক্ষমতা থেকে যাওয়ার পর একটি কলেজও সরকারি করা হয়নি।” বিএনপি ও আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে সাবেক সেনাশাসক এরশাদ বলেন, “ক্ষমতা নিয়ে মারামারি করা ছাড়া এদের আর কোনো কাজ নেই। মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে- এর কোনো খবর নেই। মানুষের মঙ্গলের জন্য আবার ক্ষমতায় আসা প্রয়োজন।” বৃহত্তর রংপুর থেকে মহাজোট ছয়টি আসন নিয়ে গেছে উল্লেখ করে এরশাদ বলেন, “সব আসন ফেরত আনব। একটা সিটও দেব না। কারো শক্তি নেই এখান থেকে সিট নেওয়ার। জীবন দিয়ে হলেও তা রক্ষা করব। জাতীয় পার্টি আছে কিনা এখানে এসে দেখে যাও। ব্রাহ্মণবাড়িয়ায় আমার আসনটিও আওয়ামী লীগ নিয়ে গেছে। সেটাও আবার আমি নিয়ে আসব।” রংপুরকে বিভাগ ঘোষণা করা হলেও জাতীয় পার্টির কাছে হেরে যাওয়ার ভয়েই সরকার রংপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা করছে না বলে দাবি করেন তিনি। ‘ আমি চ্যাংরা হয়ে গেছি’ বক্তব্যের শুরুতেই এরশাদ জনতার উদ্দেশ্যে রংপুরের আঞ্চলিক ভাষায় বলেন, “ক্যামন আছো তোমারা। আমি তোমাদের দেখে চ্যাংরা (যুবক) হয়ে গেছি। কালকেও (মঙ্গলবার) ১৮টি পথসভায় বক্তব্য দিয়েছি আমি।” “অনেকেই বলেন আমার বয়র ২০ বছর হয়ে গেছে। তোমাদের সাথে আসলে আমি চ্যাংরা হয়ে যাই,” হাসতে হাসতে বলেন এরশাদ। আমিই তিস্তা চুক্তি করব’ জাতীয় পার্টি ক্ষমতায় গেলে তিস্তা চুক্তি হবে- এমন প্রতিশ্র“তি দিয়ে এরশাদ বলেন, “আমি তিস্তায় গোসল করেছি। সাঁতার কেটেছি। সেই তিস্তা আজ মরুভূমিতে পরিণত হয়েছে। বর্তমান সরকার কোনো চুক্তি বাস্তবায়ন করতে পারছে না। আমরা ক্ষমতায় গেলে আমি তিস্তা চুক্তি করবো।” উত্তরাঞ্চলের উন্নয়নের জন্যই তিস্তা ব্যারেজ নির্মাণ করেছিলেন উল্লে¬খ করে এরশাদ বলেন, “তিস্তা চুক্তি হলে এই নদীতে নৌকা চলবে, কৃষক পানি পাবে, আবাদ করতে পারবে। এটা ভেবেই ক্যানালও কেটেছিলাম।” “আমরা মানুষ নই। আমাদের কথা কেউ চিন্তা করে না। আমাকে আবার ক্ষমতায় আসতে হবে,” ‘ ছিট মহল সমস্যার সমাধার করুন’ ছিট মহলগুলোর সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ৬৪ বছর ধরে ছিটমহলের জনগণ মানুষের মতো জীবনযাপন করতে পারছে না। তাদের নাগরিকত্ব নেই, ভোটার কার্ড নেই। তিনি বলেন, গত বছর ভারতের প্রধানমন্ত্রী প্রটোকল স্বাক্ষর করলেও তা বাস্তবায়ন করেনি। ফলে ছিটমহলবাসীর দুর্গতি দূর হয়নি। “ছিটমহলবাসীর চুক্তির বাস্তবায়ন চাই। তাদের উদ্ধার করতে চাই। ভারতের কাছে আবেদন তাদেরকে মুক্তি দিন,” যোগ করেন এরশাদ। বিদ্যুৎ বিভ্রাট এরশাদের সমাবেশ চলাকালে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। এসময় জনগণ কিছুটা উত্তেজিত হয়ে উঠেন। এরশাদ সবাইকে শান্ত হতে বলেন। কয়েক মিনিট পর জেনারেটর চালু হলে এরশাদ চেয়ার থেকে উঠে জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। রওশন এরশাদও মাইকে ঘোষণা করেন, “আপনারা ধৈর্য্য ধরে বসুন।” এরশাদের ঠিক আগে দলের সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ বক্তব্য দেন। নিজের বক্তব্য শেষ করে প্রধান অতিথি হিসেবে এরশাদকে বক্তব্য রাখার ঘোষণা দেন তিনি। এসময় হেসে উঠেন এরশাদ। মঙ্গলবার সকালে ঢাকায় দলীয় কার্যালয় থেকে এরাশাদের নেতৃত্বে লং মার্চের গাড়ি বহর যাত্রা শুরু করে। গভীর রাতে রংপুর পৌঁছানোর আগে ১৮টি পথসভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি চেয়ারম্যান। আশুলিয়ার পর গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে পথসভার পর রংপুরের মিঠাপুকুরে শেষ সভাটি হয়। রংপুরে নিজের বাড়ি পল্ল¬ী নিবাসে মঙ্গলবার রাত কাটান এই সাবেক রাষ্ট্রপতি। এর আগে টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে সিলেট অভিমুখেও একই ধরনের লংমার্চ করেছিলেন তিনি। জনসভায় অন্যদের মধ্যে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ, কাজী জাফর আহমেদ ছাড়াও দলের সভপতিমণ্ডলীর সদস্য, চেয়ারম্যানের উপদেষ্টা, জাতীয় পার্টির সংসদ সদস্যরা এবং স্থানীয় নেতারা বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/আরএ/২০২৮ ঘ.