২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমের নথিসহ আটক ব্যক্তিকে ছাড়ার নির্দেশ

গোলাম আযমের আইনজীবীর এক সহকারীকে ছেড়ে দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে অপরাধ ট্রাইব্যুনাল, যিনি ট্রাইব্যুনালের নথি উন্মুক্ত স্থানে ফটোকপি করার সময় মঙ্গলবার আটক হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 11:41 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলাম আযমের আইনজীবীর এক সহকারীকে ছেড়ে দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে অপরাধ ট্রাইব্যুনাল, যিনি ট্রাইব্যুনালের নথি উন্মুক্ত স্থানে ফটোকপি করার সময় মঙ্গলবার আটক হন। ওই সহকারীর কাছ থেকে পাওয়া ট্রাইব্যুনালের নথিপত্র গোলাম আযমের আইনজীবী এম তাজুল ইসলামকে হস্তান্তরের আদেশও দিয়েছে ট্রাইব্যুনাল। যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত নেতা গোলাম আযমের আইনজীবী তাজুল বুধবার ট্রাইব্যুনালে বিষয়টি উত্থাপন করলে এ ব্যাপারে শুনানি শুরু হয়। আদালতে তিনি বলেন, জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিচার সংক্রান্ত আদালতের নথিপত্রগুলো নীলক্ষেত এলাকায় [মঙ্গলবার] ফটোকপি করতে গেলে তার সহকারীকে আটক করে নিউ মার্কেট থানা পুলিশ। এর মধ্যে গোপন কিছু নথি থাকার কথার কথা বলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের আদেশ ছাড়া আটককৃতকে মুক্তি দিতে পুলিশ অস্বীকার করে- এ কথা উল্লেখ করে আদালতকে এর পক্ষে আদেশ দেওয়ার অনুরোধ জানান জামায়াত নেতাদের আইনজীবী। এতে আদালত বলে, আদালতের গোপন নথিপত্র জনসমক্ষে নিয়ে যাওয়া উচিত হয়নি। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর পাঁচ নেতা আটক রয়েছেন। এছাড়া দলটির সাবেক আমির গোলাম আযমও একই অভিযোগে আটক রয়েছেন। জামায়াত সব নেতার পক্ষে আদালতে লড়ছেন এম তাজুল ইসলাম। ‘নথিতে অনেক গোপনীয় তথ্য’ জামায়াত নেতাদের আইনজীবী তাজুলের তার সহকারীকে ছেড়ে দেওয়ার আদেশ চেয়ে করা অনুরোধের প্রেক্ষিতে প্রধান বিচারক নিজামুল হক বলেন, “এসব নথিতে অনেক গোপনীয় তথ্য রয়েছে যা শুধু স্বাক্ষী নয়, বরং আদালত ও অভিযোগকারীদের নিরাপত্তার জন্যেও গোপন রাখা জরুরি।” এর জবাবে আইনজীবী বলেন, “নথিপত্রগুলো পরিমাণে অনেক বেশি ছিলো যার অনুলিপি করানোর জন্য দক্ষ ফটোকপিয়ার দরকার হয়। তাই ২৫ হাজার পৃষ্ঠার এসব নথির অনুলিপি তৈরির জন্য এগুলো নীলক্ষেত এলাকায় নিয়ে যাওয়া হয়।” পরে এ আইনজীবী সাংবাদিকদের বলেন, “আসামিপক্ষ তাদের আবেদনে আদালতকে এ ধরনের দক্ষ ফটোকপিয়ার সরবরাহের অনুরোধ জানিয়েছে, যাতে পয়োজন পড়লে তা ব্যবহার করতে পারে আসামিপক্ষ।” ট্রাইব্যুনালের আইনজীবী জিয়াদ-আল-মালুম আদালতে বলেন, “আদালতের সামনে গ্রেপ্তারকৃতকে ও উদ্ধারকৃত নথিপত্রগুলোক হাজির করা হোক। এবং এ বিষয়ে কোনো আদেশ দেওয়ার আগে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষের কাছে এর ব্যাখ্যা চাওয়া হোক।” এর পরিপ্রেক্ষিতে দুপুর ১টার মধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত নথিপত্রগুলো আদালতে হাজির করার আদেশ দেয় আদালত। আসামিপক্ষকে আদালত জানায়, ট্রাইব্যুনালে একটি সংক্ষিপ্ত আবেদন দাখিল করতে যার পরিপ্রেক্ষিতে একটি আদেশ দেওয়া হবে এবং তার কপি বুধবার দুপুর ২টার আগেই নিউ মার্কেট থানা পুলিশ বরাবর পৌঁছানো হবে। নইলে দুপুর ২টার পরে গ্রেপ্তারের ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ায় গ্রেপ্তারকৃতকে একজন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে বাধ্য হবে পুলিশ। আদালত বলে, এতে জটিলতা আরো বাড়বে। বিষয়টি দ্রুত সমাধান করা জরুরি। এরপর আদালতের আদেশে তাজুল ইসলামের সহকারীকে ছেড়ে দেয় পুলিশ। গত ৯ জানুয়ারি গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ১১ জানুয়ারি জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। চিকিৎকদের পরামর্শে তাকে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আগামী ১৫ ফেব্র“য়ারি অভিযোগ গঠনের শুনানি করবে ট্রাইব্যুনাল। গত ১২ ডিসেম্বর গোলাম আযমের বিরুদ্ধে ৫২টি অভিযোগের তালিকা পেশ করে তাকে গ্রেপ্তারের আদেশ দেওয়ার আবেদন জানায় ট্রাইব্যুনালের আইনজীবীরা। পরে ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী ৫ জানুয়ারি অভিযোগগুলো পুনঃবিন্যস্ত করে ৬২টি অভিযোগ পেশ করা হয়। বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী গোলাম আযম ১৯৭১ সালে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেন, যাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়। তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির গোলাম আযম সে সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এই জামায়াত নেতা। ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে দলকে নেতৃত্ব দেন তিনি। বাংলাদেশে ফেরার পর দীর্ঘদিন তার নাগরিকত্ব না থাকলেও বিগত বিএনপি সরকারের সময় উচ্চ আদালতের আদেশে নাগরিকত্ব ফিরে পান গোলাম আযম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/কিউএইচ/পিডি/১৭৩৯ ঘ.