২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারিক আদালতে খালেদার জামিননামা

মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় উচ্চ আদালতের জামিননামা দাখিল করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া, যিনি শেষবার এ আদালতে এসেছিলেন ২০০৭ সালে গ্রেপ্তার হওয়ার পর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 06:16 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় উচ্চ আদালতের জামিননামা দাখিল করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া, যিনি শেষবার এ আদালতে এসেছিলেন ২০০৭ সালে গ্রেপ্তার হওয়ার পর। বিএনপি চেয়ারপার্সন খালেদা দলীয় জ্যেষ্ঠ নেতা ও আইনজীবীদের নিয়ে মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে মহানগর হাকিম শাহাদাত হোসেনের আদালতে প্রবেশ করেন। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তাকে জামিননামা জমা দেওয়ার অনুমতি দেয়। আদালত কক্ষে প্রবেশের পর খালেদা জিয়াকে চেয়ারে বসার অনুমতি দেন হাকিম। শুনানি শেষ হতে সময় লাগে তিন মিনিটের মতো। এর পরপরই তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা হারুনুর রশীদ সোমবার খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তাদের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় ৩ কোটি ১৫ লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয় এতে। মামলার অন্য আসামিরা হলেন- বিগত চার দলীয় জোট সরকারের সময়ে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, রাজনৈতিক সচিবের এপিএস জিয়াউল ইসলাম (মুন্না) এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম খান। অভিযোগপত্রে সাক্ষী করা হয়েছে ৩৬ জনকে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দিলো দুদক। গত বছরের ৮ অগাস্ট তেজগাঁও থানায় দায়ের করা এ মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি। দুদকের অনুমোদিত অভিযোগপত্রে বলা হয়েছে, জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা এসেছে অবধৈ উৎস থেকে। ফৌজদারি মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবী আমিনুল গণি টিটু জানান, এ মামলায় আসামিদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে। দোষী সাব্যস্ত হলে তাদের আত্মসাৎ করা অর্থও রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। গত ৮ ডিসেম্বর বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকের্ট বেঞ্চে হাজির হয়ে এ মামলায় ৮ সপ্তাহের জামিন নেন খালেদা জিয়া। আসামি মনিরুল ইসলাম ও জিয়াউল ইসলাম মুন্নাও ১৪ ডিসেম্বর একই বেঞ্চ থেকে জামিন পান। মঙ্গলবার আদালতে হাজির হয়ে সেই জামিননামাই তিনি উপস্থাপন করলেন। এ কারণে আদালত প্রাঙ্গণে সকাল থেকেই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়। আইনজীবীদের ভিড় ডিঙিয়ে খালেদা জিয়ার আদালত কক্ষে প্রবেশের পথ করতে বেশ বেগ পেতে হয়। আদালত কক্ষ ও বারান্দায় আইনজীবীদের দাঁড়ানোর জায়গা ছিলো না। সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে খালেদার আাইনজীবীরা এ সময় মহানগর হাকিম আদালতে উপস্থিত ছিলেন। খালেদার পক্ষে আইনজীবীদের মধ্যে ছিলেন মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, আমিনুল হক, মাহবুবউদ্দিন খোকন, লুৎফে আলম, ইকবাল হোসেন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, এ বি এম ওয়ালিউর রহমান, জাকির হোসেন ও খোরশেদ আলম। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সহসভাপতি সাদেক হোসেন খোকা, মহানগর সদস্য সচিব আবদুস সালামসহ কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন আদালতে। এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কয়েক হাজার হাজার নেতা-কর্মীও আদালত প্রাঙ্গণে জড়ো হন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে। মহানগর বিএনপি, যুব দল, ছাত্রদলের নেতা-কর্মীরা আদালতের সামনের সড়কে মিছিলও করে। এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতি দমন ব্যুরোর দায়ের করার একটি মামলায় হাজিরা দিতে পুরান ঢাকায় মহানগর বিশেষ দায়রা আদালতে হাজির হয়েছিলেন খালেদা। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর ৩ সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করে মহানগর হাকিম আদালতে এনেছিল যৌথ বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/জেকে/১২৫০ ঘ.