ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামীতে ক্ষমতায় গেলে বিদ্যুৎ, জ্বালানি ও গণক্রয় খাতে বর্তমান সরকারের ‘দুর্নীতি’ তদন্ত করবেন বলে ‘আশ্বাস’ দিয়েছেন খালেদা জিয়া।
সোমবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে খালেদা অভিযোগ করেন, “বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি দিতে গিয়ে সরকার দেশের অর্থনীতিকে দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই দুইটি খাতকে বর্তমানে দেশি ও বিদেশিদের অবাধ লুণ্ঠনের চারণক্ষেত্রে পরিণত করা হয়েছে। একই অবস্থা গণক্রয় খাতেও।”
এরপর তিনি বলেন, “আমি আপনাদের আশ্বাস দিতে চাই, আমরা ক্ষমতায় গেলে পাঁচ বছরের সব অনিয়ম ও দুর্নীতির তদন্ত করা হবে এবং জাতীয় সম্পদ লুণ্ঠনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে ‘ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)’-এর ৫৩তম কনভেনশনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন বিরোধীদলীয় নেত্রী। তিন দিনের এই কনভেনশন শনিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আঞ্চলিক সহযোগিতার রূপকল্প সমানে রেখে দেশের ৪০ হাজার প্রকৌশলী এই সম্মেলনে অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে আইইবি’র সাবেক সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক এম আনোয়ার হোসেন, অধ্যাপক এম আনোয়ারুল আজীম, অধ্যাপক এম এ হান্নান, প্রকৌশলী এমএকে আজাদ, প্রকৌশলী আনহ আখতার হোসেন ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য প্রকৌশলী আর এ গনি, দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমান ও প্রকৌশলী মো. আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রায় ৪৫ মিনিটের বক্তব্যে খালেদা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সরকারের আমলে প্রকৌশলীদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
‘
অবাধ লুণ্ঠনের সুযোগ ’
দেশের বর্তমান অবস্থাকে ‘নাজুক’ অভিহিত করে তিনি বলেন, “দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অবক্ষয় ও ধ্বংসের মুখোমুখি। দ্রব্যমূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির চাপে জনজীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে।”
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, “বিদ্যুৎ খাতে রেন্টাল ও কুইক রেন্টালের নামে সরকার দলীয় ব্যবসায়ী ও ফড়িয়াদের অবাধ লুণ্ঠনের সুযোগ করে দেওয়া হয়েছে। রেন্টাল ও কুইক রেন্টালের মূল্য পরিশোধ করা হয় মার্কিন ডলারে এবং উচ্চমূল্যে। যার ফলে বার বার দাম বাড়ানো সত্ত্বেও বিদ্যুৎ খাতে লোকসান কমানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।”
জ্বালানি খাতেও একই অবস্থা চলছে দাবি করে তিনি বলেন, “রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহের জন্য পেট্রোলিয়াম কর্পোরেশনকেও হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে।”
“জ্বালানি খাতেও বড় বড় কন্ট্রাক্ট বিনা টেন্ডারে দেওয়া শুরু হয়েছে। অতি স¤প্রতি একটি ভারতীয় কোম্পানিকে গ্যাস পাইপ লাইন স্থাপনে আটশ’ কোটি টাকার কাজ বিনা টেন্ডারে দেওয়া হয়েছে,” যোগ করেন খালেদা।
‘বিদ্যুৎ উন্নয়ন রোড ম্যাপ করেছিলাম’
সাবেক প্রধানমন্ত্রী দাবি করেন তার সরকারের আমলে সরকারি ও বেসরকারি খাত মিলে জাতীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পায় প্রায় চার হাজার মেগাওয়াট।
তার সকারের আমলে নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে চলতি বছরের মধ্যে জাতীয় গ্রিডে স্বল্প ব্যয়ে নতুন প্রায় চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ ক্ষমতা সংযোজিত হতো বলে দাবি করেন তিনি।
খালেদা বলেন, “দেশের বিদ্যুৎ ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে পাওয়ার সেক্টর মাস্টার প¬্যান, সম্ভাব্য স্বল্প ব্যয়ে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান এবং তিন বছর মেয়াদি বিদ্যুৎ উন্নয়ন রোড ম্যাপ আমরা প্রস্তুত করেছিলাম।”
“বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের উপর নির্ভরশীলতা কমিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছিল” উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, “বড়পুকুরিয়ায় আড়াইশ’ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দেশের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আমরা নির্মাণ করি।”
‘প্রকৌশলীদের অবস্থা নাজুক’
ক্রয় খাতে বর্তমান সরকার গণখাতে ক্রয় ও সংগ্রহ কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিদ্যমান আইন ও বিধি-বিধান পাশ কাটিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “এইসব ক্রয় ও সংগ্রহ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা, বিশেষ করে প্রকৌশলীদের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে দাঁড়িয়েছে। কোথাও কোথাও সরকারী দলের নেতা-কর্মীদের অবৈধ কাজে বাধা দিতে গিয়ে প্রকৌশলীরা হেনস্তার শিকার হচ্ছেন।”
দেশের চলমান অবস্থাকে মহাসংকটজনক অভিহিত করে এ অবস্থা থেকে উত্তরণে প্রকৌশলীদেরও এগিয়ে আসার আহবান জানান বিরোধীদলীয় নেতা।
আগামীতে ক্ষমতায় গেলে কী কী করবেন সে বিষয়ও বক্তব্যে উল্লেখ করেন খালোদ জিয়া।
এর মধ্যে আছে- জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধানে দ্রুত ও স্থায়ী ব্যবস্থা নেওয়া, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, মুদ্রাস্ফীতি হ্রাস, দ্রব্যমূল্য কমানো, তরুণ ও মেধাবী প্রকৌশলীদের কর্মসংস্থান, দরিদ্র, মধ্য ও নিম্নবিত্ত জনগোষ্টির জন্য কর্মসৃজন পদক্ষেপ, পরিবেশ সুরক্ষা, আবাসন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
আইইবি’র সভাপতি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আইইবি’র সাধারণ সম্পাদক আবদুস সবুর, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মুনির উদ্দীন আহমেদ, কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বক্তব্য দেন।
খালেদা জিয়াকে কনভেনশনের ক্রেস্ট দেন আইইবি’র সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৫৭ ঘ.
bdnews24