ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার ইসি কার্যালয়ে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেন, “সার্চ কমিটি তো একটা পদ্ধতি। মোটামুটি আমরা যা দিয়েছিলাম তা মোডিফিকেশন হয়েছে রাষ্ট্রপতির প্রস্তাবে। আমরা খুশি যে একটা পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়া তো শুরু হলো। আগামীতে হয়তো আইনে রূপান্তরিত হবে হয়তো।”
এ সার্চ কমিটি গঠনের উদ্যোগকে যোগ্য ব্যক্তি বাছাইয়ে প্রথম পদক্ষেপ বলে মনে করেন সিইসি।
প্রস্তাবিত সার্চ কমিটি নিয়ে বিরোধী দল বিএনপির প্রত্যাখ্যানের দিনই সিইসির এ মন্তব্য এল।
বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, “রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনের প্রস্তাব আমরা মেনে নিচ্ছি না।”
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান রোববার মন্ত্রিপরিষদের কাছে যে প্রস্তাবটি পাঠিয়েছেন, তাতে নতুন নির্বাচন কমিশন গঠনে উচ্চতর আদালতের দুই বিচারক এবং তিন সাংবিধানিক সংস্থার প্রধানকে নিয়ে একটি সার্চ কমিটি করার কথা বলা হয়েছে।
প্রস্তাবিত পাঁচ সদস্যের সার্চ কমিটি ‘শক্তিশালী’ বলে মনে করেন সিইসি। তবে সার্চ কমিটির সুপারিশকে সংসদের কার্যউপদেষ্টা কমিটির কাছে উপস্থাপনে বর্তমান ইসির প্রস্তাবের কথাও তুলে ধরেন তিনি।
“আমাদের প্রস্তাবে শূন্য পদের বিপরীতে সার্চ কমিটির প্রস্তাবিত নামগুলো কার্যউপদেষ্টা কমিটিতে দেওয়ার কথা বলেছিলাম, রাষ্ট্রপতির হয়তো তা পছন্দ হয়নি। তবে সার্চ কমিটির মাধ্যমে পাওয়া সিইসি ও ইসির জন্যে প্রস্তাবিত নামগুলো গণমাধ্যমে আসবে, সবাই জানবে। এটা তো বিতর্ক এড়ানোর পদ্ধতি,” বলেন শামসুল হুদা।
ইসির সংস্কার প্রস্তাবের বাস্তবায়নের পথে এ ধরনের বাছাই কমিটি করার উদ্যোগকে ইসির সফলতা বলে উল্লেখ করেন শামসুল হুদা।
আগে কোনো পদ্ধতি ছিল না উল্লেখ করে সিইসি বলেন, ইসি গঠনে সংশ্লিষ্টদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণ করা হচ্ছে। আগে ট্রান্সপারেন্সির অভাব ছিলো। এখনো একটা পদ্ধতির মাধ্যমে যোগ্যতাও তুলে ধরা হচ্ছে।
তিনি বলেন, “এটা ফার্স্ট স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন (সঠিক পথে প্রথম পদক্ষেপ)।”
প্রস্তাবিত সার্চ কমিটি নিয়ে রাজনৈতিক বিতর্ক ও বিএনপির প্রত্যাখ্যান বিষয়ে কোনো মন্তব্য করেননি বিদায়ী সিইসি।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় শামসুল হুদার নেতৃত্বে গঠিত তিন সদস্যের ইসির মেয়াদ আগামী ফেব্র“য়ারিতে শেষ হচ্ছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন উপস্থিত ছিলেন। অন্য নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বর্তমানে দেশের বাইরে রয়েছেন।
‘পুনর্বহালের দাবি ভালো কাজের স্বীকৃতি’
ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ বাড়িয়ে শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশনকে পুনর্বহালের প্রস্তাব দিয়েছে কয়েকটি দল। কয়েকটি সংবাদপত্রও বলেছে, বর্তমান সিইসিকে পুনরায় রাখা হচ্ছে।
ইসিকে পুনর্বহালের দাবিকে নিজেদের ভালো কাজের স্বীকৃতি বলে মনে করেন শামসুল হুদা। দলগুলোর প্রস্তাবকে তিনি ‘মহানুভবতা’ বলেও উল্লেখ করেন।
শামসুল হুদা বলেন, “যা বলা হচ্ছে সবই স্পেকুলেশন। কার কার নাম এলো তাা গুরুত্বপূর্ণ নয়, কী হলো, কী হলো না, তা বড় নয়; আমরা তো সাধারণত কারো ভালো বলতে চাই না। যারা প্রস্তাবটি দিয়েছে, আমাদের ভালো মনে করেছে বলেই দিয়েছে।”
সার্চ কমিটি পরবর্তী কমিশনে আপনাদের নাম প্রস্তাব করলে কী করবেন- জানতে চাইলে সিইসি বলেন, “বলতে পারি না, দেখা যাক, তখন দেখব। এ বিষয়গুলোতো আপনারা (সাংবাদিক) বলছেন। সরকার বা রাষ্ট্রপতির সঙ্গে এ বিষয়ে আমাদের কোনো কথা হয়নি।”
বর্তমান সিইসিকে পুনঃনিয়োগে আইনি কেনো বাধা নেই বলে মত দিয়েছেন ড. কামাল হোসেন ও সুরঞ্জিত সেনগুপ্ত। তবে বিএনপি বর্তমান ইসি পুনর্বহালের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৭১০ ঘ.
bdnews24