ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের নয় ধরনের ৭৭টি অভিযোগ তুলে ধরেছে প্রসিকিউশন বিভাগ।
রোববার সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন প্রসিকিউটার জেয়াদ আল মালুম।
অভিযোগ উপস্থাপনের সময় ২৫টি ঘটনার বর্ণনা দেন প্রসিকিউটর, যার অধিকাংশই ১৯৭১ সালের ১৩ এপ্রিল সংঘটিত হয়। এ ঘটনাগুলোর মধ্যে রয়েছে ধর্ষণ, হত্যা, অপহরণ, হিন্দু নির্যাতন ইত্যাদি।
প্রসিকিউটরের বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হলো। এরপর শুনানির জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ঠিক করা হয়েছে।
গত ৪ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।
৫৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে ১ হাজার ২৭৫ পৃষ্ঠার আনুষঙ্গিক নথিপত্র এবং ১৮টি সিডিও ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন বিভাগ।
২০১০ সালের ২৬ জুলাই সালাউদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তাকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা।
এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে যাত্রী হত্যার মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের আবেদনে তার আইনজীবীও পরিবর্তন হয়েছে।
রোববার ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয় সালাউদ্দিন কাদের এবং তার মনোনীত নতুন আইনজীবী আহসানুল হকের ‘অসদাচরণের’ মধ্য দিয়ে।
তারা এত উচ্চস্বরে কথা বলছিলেন যে ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি নিজামুল হক দুজনকে একবার করে সাবধান করে দিয়ে বলেন, তারা একটি ট্রাইব্যুনালে উপস্থিত আছেন এবং তাদের কথা বলার ভঙ্গি যথাযথ নয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিচারপতি নিজামুল হক বিএনপি নেতাকে সাবধান করে বলেন, তিনি (সাকা) চিৎকার করতে থাকলে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করবে।
এরপর চট্টগ্রামের এই সংসদ সদস্য আদালতের কাছে ক্ষমা চান। একইসঙ্গে তিনি বলেন, তার কণ্ঠস্বরই উচ্চ।
“আমি তো কারাগারেই রয়েছি, কী ব্যবস্থা আর নেবেন,” বলেন সালাউদ্দিন কাদের।
আইনজীবী নিয়োগ নিয়ে নানা ‘নাটকের’ পর ট্রাইব্যুনালের পক্ষ থেকে মো. বদিউজ্জামানকে তার পক্ষে মামলা লড়ার দায়িত্ব দেওয়া হয়। এর আগ পর্যন্ত নিজেই নিজের শুনানি করে আসছিলেন সালাউদ্দিন কাদের।
এখন নতুন আইনজীবী হিসেবে সালাউদ্দিন কাদেরের মনোনীত আহসানুল হক তার হয়ে শুনানিতে অংশ নেবেন। তার কাছে নথিপত্র সব বুঝিয়ে দিতে বদিউজ্জামানকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সোমবারের মধ্যে সব নথিডত্র বুঝে নিতে আহসানুলকেও বলা হয়।
ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী বদিউজ্জামান রোববার সকালেও সালাউদ্দিনের পক্ষে শুনানি করেন। তার শুনানির প্রশংসাও করেন বিএনপি নেতা।
তিনি বলেন, “এই আইনজীবীকে আমার ওপর চাপানো হয়েছে বলেই আমি পরিবর্তন চেয়েছি। তবে শুনানিতে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।”
এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের আনুষ্ঠানিক অভিযোগ রোববার ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন বিভাগ।
‘
নাম মালুম, কিন্তু পুরো বেমালুম’
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শুনানিতে প্রসিকিউটর জেয়াদ-আল-মালুমের নামের প্রতি কটাক্ষ করে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, “নাম মালুম, কিন্তু পুরো বেমালুম।”
আদালতের কয়েকটি প্রশ্নে প্রসিকিউটারের দেরি হওয়ার সময় কাঠগড়ায় দাঁড়ানো সালাউদ্দিন এই বক্রোক্তি করেন।
রোববার শুনানির প্রথম থেকেই বিচারক এ কে এম জহির আহমেদের বাক্যবাণে পড়েন আইনজীবী জেয়াদ মালুম।
সালাউদ্দিন কাদেরের অপরাধ কোন ধারায়, তা বোঝাতে গিয়ে ইংরেজি ‘এ’ অক্ষরের পরিবর্তে বাংলা ‘ক’ ব্যবহার করেন প্রসিকিউটর।
তখন বিচারক এ টি এম ফজলে কবীর জানতে চান, তিনি এটা কেন করেছেন? “১৩-১৪ বছর আগের সিদ্ধান্ত আছে যে এগুলো ইংরেজি হবে না। কে ঠিক করেছে এটা? আপনি? বাংলা ব্যঞ্জনবর্ণ দিয়ে লিখলে তো হবে না,” বলেন বিচারক।
প্রসিকিউটার মালুম আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে গেলে বিচারক বলেন, “আপনি কি মফস্বলের উকিল? মফস্বল থেকে এলে তো কিছু বলার ছিল না। ঢাকায় প্র্যাকটিস করেন, আপনার তো এটা জানার কথা।”
তখন সালাউদ্দিন বলে উঠেন, “নাম মালুম, কিন্তু পুরো বেমালুম।”
এরপর সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপনের সময় কয়েকজনের বিবরণে তারা বেঁচে আছেন কি মারা গেছেন, তা উল্লেখ না থাকায়ও বিচারক জহির আহমেদ তা জানতে চান।
ওই সময় উত্তর দিতে দেরি হওয়ায় সালাউদ্দিন আবার বলেন, “বেমালুম।”
সাকার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপনে সকাল থেকে বিকেল পর্যন্ত বিবরণে চট্টগ্রামের একটি নির্দিষ্ট এলাকায় ২৫টি অপরাধের কথা বলে প্রসিকিউশন। এর মধ্যে হামলা, অপহরণ ও হত্যাও রয়েছে।
সবগুলো অপরাধ একইদিনে (১৯৭১ সালের ১৩ এপ্রিল) সংগঠিত হয় বলে উল্লেখ করে প্রসিকিউশন।
এ প্রেক্ষিতে বিচারক জহির আহমেদ একটি মামলায় সাকাকে যুক্ত করার কথা উল্লেখ করে বলেন, ওইসব ঘটনায় তার সম্পৃক্ততার ইঙ্গিত আনুষ্ঠানিক অভিযোগে নেই।
এ বিষয়ে পরে জেয়াদ-আল-মালুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিটি জায়গায়ই যে সালাউদ্দিন কাদেরকে উপস্থিত থাকতে হবে, এমন কোনো কথা নেই। একটা এলাকায় সারাদিন ধরে কয়েকটা জায়গায় এগুলো হয়েছে।”
ঘটনার সংশ্লিষ্টদের নাম প্রকাশের বিষয়ে তিনি বলেন, “আমি ধর্ষিতের নাম তো কোনোভাবেই বলবো না, তাই না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/আরআরডি/এমআই/১৮৪৬ ঘ.
bdnews24