ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘পকেটস্থ’ নির্বাচন কমিশন (ইসি) তৈরি করে আবার ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি শনিবার বলেন, “যদি আপনি অরাজকতা সৃষ্টির হাত থেকে দেশকে রক্ষা করতে চান, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন তৈরি করে দেশকে অচলাবস্থা থেকে রক্ষা করুন।”
“না হলে সব দায় দায়িত্ব আপনাকে [প্রধানমন্ত্রীকে] বহন করতে হবে,” বলেন তিনি।
আগামী মাসে শেষ হতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ। নতুন ইসি গঠনে মত নিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপও করছেন রাষ্ট্রপতি।
এ পটভূমিতে সিইসি পদে শামসুল হুদার পুনর্নিয়োগের ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে স¤প্রতি মত দেন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির দুই সদস্য ড. কামাল হোসেন ও সুরঞ্জিত সেনগুপ্ত।
বর্তমান সিইসি সরকারের ‘আজ্ঞাবহ ও নতজানু’ দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন শনিবারই বলেন, তাকে আবারো নিয়োগ দিলে তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না।
কমিশন পুনর্গঠন নিয়ে সংলাপ প্রসঙ্গে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন বলেন, “নির্বাচন কমিশন পুনর্গঠনের এখতিয়ার কি আপনার আছে?”
বিএনপির সংসদে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ২৫ তারিখ বিকাল ৪টায় সংসদ অথিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের বিলটা তুলে আমাদের ডাকুন, আমরা অবশ্যই আসবো।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আওয়ামী দুঃশাসনের ৩ বছর: বিপন্ন গণতন্ত্র ও মনবাধিকার, দেশপ্রেমিক মানুষের করণীয়’ শিরোনামে গোলটেবিলটি আয়োজন করে বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ নামে একটি সংগঠন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/১৮০৮ ঘ.
bdnews24