২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দলীয় সরকারের অধীনে নির্বাচনের পরিণতি হবে ভয়াবহ’

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধানে পুনঃস্থাপন করে আগামী নির্বাচন করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 04:39 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধানে পুনঃস্থাপন করে আগামী নির্বাচন করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। তিনি শুক্রবার এক আলোচনা সভায় বলেছেন, “অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে হবে। তা না করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করা হলে বর্তমান সরকারের পতন অতীতের সব সরকারের চাইতেও ভয়াবহ হবে, যা আওয়ামী লীগ কল্পনাও করতে পারবে না।” তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সরকার ও বিরোধী দলের পাল্টপাল্টি অবস্থানের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য একথা বললেন। রাষ্ট্রপতির যে কোনো উদ্যোগে আওয়ামী লীগ সাড়া দেবে- সৈয়দ আশরাফুল ইসলামের এই বক্তব্যকে স্বাগত জানিয়ে মওদুদ বলেন, “এটা আশাব্যঞ্জক। তবে যথেষ্ট নয়।” সরকার গত বছর সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর থেকেই আন্দোলন করে আসছে বিএনপি। দলটি বলছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে আগামী নির্বাচনে তারা অংশ নেবে না। গত বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সর্বাগ্রে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান। মওদুদ বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করা আওয়ামী লীগের রাজনৈতিক ‘ভুল’ সিদ্ধান্ত। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের উদ্যোগ নিতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি। রাষ্ট্রপতির সংলাপ শেষ হওয়ার আগেই নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সরকারের প্রণীত আইনের খসড়া সংবাদপত্রে প্রকাশ হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সাবেক আইনমন্ত্রী বলেন, “এতে বোঝা যায়, রাষ্ট্রপতির সংলাপটি লোক দেখানো। হয়ত রাষ্ট্রপতি সরকারের কাছে আইন প্রণয়নের সুপারিশ করবেন। অথচ তার সুপারিশের আগেই সরকার সব কিছু ঠিক করে ফেলেছে।” সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ (সিডিপিসি) আয়োজিত ‘নাগরিক নিরাপত্তা : বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এই আলোচনা সভায় সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান। কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, কল্যাণ পার্টির সাংগঠনিক সম্পাদক সাহিদুর রহমান তামান্না, ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি শেখ আল আমীন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২২৩৭ ঘ.