ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোরভাবে তা দমন করা হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘরে এক আলোচনা সভায় তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্য জামায়াতে ইসলামী বেপরোয়া হয়ে উঠেছে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও অরাজকতা চালাচ্ছে।”
“বিভিন্ন কর্মকাণ্ড করে অতীতে এরা ছাড় পেলেও এবার আর তা হবে না। অরাজকতা সৃষ্টিকারীদের দ্রুত বিচার আইনে বিচার করা হবে”, যোগ করেন প্রতিমন্ত্রী।
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের শীর্ষ পাঁচ নেতা এবং বিএনপির একজন সাংসদ ও এক সাবেক মন্ত্রীর বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দুটি দলই এই ট্রাইব্যুনালের বিরোধিতা করে আসছে।
সর্বশেষ বুধবার ট্রাইব্যুনাল একই অভিযোগে জামায়াতের সাবেক আমীরকে কারাগারে পাঠালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত কর্মীরা ঝটিকা মিছিল বের করে। ওইদিন ঢাকায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
অবশ্য বিএনপি গোলাম আযমের গ্রেপ্তার নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।
বিএনপি-জামায়াত সব ধরনের বিচারের বিপক্ষে- এমন মন্তব্য করে কামরুল বলেন, “এরা আইনের শাসন ও ন্যায় বিচার চায় না। তারা জিয়া হত্যারও বিচার করেনি। বিচারের বিরুদ্ধে অবস্থান নেওয়াই তাদের চরিত্র।”
তবে গোলাম আযমকে কারাগারে পাঠানোয় বিএনপির ‘বোধদয়’ হয়েছে মন্তব্য করে আইন প্রতিমন্ত্রী বলেন, “এই বিচারকে বাধাগ্রস্ত করা যাবে না দেখে তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করে নাই। তারা বুঝতে পেরেছে বিচার হবেই।”
চলতি বছরের মধ্যেই ৭-৮ জন শীর্ষ যুদ্ধাপরাধীর বিচার শেষ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
ভুল বিচারের কারণে গোলাম আযম নাগরিকত্ব ফিরে পেয়েছিলেন উল্লেখ করে কামরুল বলেন, “আমরা কোনো ভুল বিচার করতে চাই না। বিচারকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ দেওয়া হবে না। আন্তর্জাতিক বিশ্বে এ বিচার মডেল হয়ে থাকবে।”
বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী গোলাম আযম ১৯৭১ সালে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেন, যাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়।
১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এই জামায়াত নেতা। বাংলাদেশে ফেরার পর দীর্ঘদিন তার নাগরিকত্ব না থাকলেও বিগত বিএনপি সরকারের সময় উচ্চ আদালতের আদেশে নাগরিকত্ব ফিরে পান জামায়াতের সাবেক আমীর।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম, কৃষক লীগের সাংগঠনিক সম্পাক এম এ করীম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৬৩৫ ঘ.
bdnews24