২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট জামায়াতের নায়েবে আমীর গ্রেপ্তার

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর এক নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 09:38 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

বাগেরহাট, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর এক নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাওলানা রেজাউল করিম (৫০) জেলা জামায়াতের নায়েবে আমির এবং আল আমিন (২২) ইসলামিক ছাত্র শিবিরের কর্মী। বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ জানান, শুক্রবার সকাল ৯টার দিকে শহরের দশানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসআই হারুন বলেন, একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াতের সাবেক আমীর গোলাম আজমের মুক্তির দাবিতে শহরে ঝটিকা মিছিলের পরিকল্পনা করছিলেন তারা। “জামায়াত-শিবির কর্মীরা শুক্রবার বাগেরহাট শহরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার প্রস্তুতি নেয়। মাওলানা রেজাউল করিম পুরো প্রক্রিয়াটি সমন্বয় করছিলেন।” শহরের মিঠাপুকুর মসজিদ এলাকায় ভোরে একটি মিছিলও বের করে তারা । ‘বিশৃঙ্খলা সৃষ্টির জন্য’ এ পরিকল্পনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন এসআই হারুন। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ দাবি করেন, জামায়াতে ইসলামী কোনো মিছিল কর্মসূচি নেয়নি। তবে ছাত্রশিবির ভোরে শহরে একটি বিক্ষোভ মিছিল করেছে। মাওলানা রেজাউল করিম ও আল আমিনকে ‘অন্যায়ভাবে’ গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৫৩০ ঘ.