সাভার, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ডে মিছিল বের করার পর তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাভারের ব্যাংক কলোনি এলাকার জাবাল-ই-নূর ক্যাডেট মাদ্রাসার আরবি বিভাগের সিনিয়র শিক্ষক সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক ইউসুফ আলী, একাডেমিক কো-অর্ডিনেটর শাহাদাত হোসেন, অধ্যক্ষ নুরুল ইসলাম ও হোস্টেল সুপার মোস্তফা কামাল। তারা সবাই জামায়াতের স্থানীয় নেতা।
সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিছিলের নামে বাসস্ট্যান্ডে ত্রাসের সৃষ্টি করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হচ্ছে।
তবে জাবাল-ই-নূর ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ হোসাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে নয়, মাদ্রাসার সামনে থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।
তারা কোনো ত্রাস সৃষ্টি করেনি বলেও দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২২২০ ঘ.
bdnews24