ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মাসের মধ্যে সংসদে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিল আনার দাবি জানিয়েছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না বলেও সরকারকে হুঁশিয়ারি দেন তিনি।
বৃহস্পতিবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে বিএনপির এ নেতা বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। সরকারকে বলব, আপনারা বাস্তবতা উপলব্ধি করে এক মাসের মধ্যে জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল বিল নিয়ে আসুন।”
সারাদেশে শিক্ষাঙ্গনে ছাত্রলীগকর্মীদের সন্ত্রাস, হত্যা ও ‘ধর্ষণের’ প্রতিবাদে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল এই বিক্ষোভ করে।
সমাবেশে ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ক্ষমতাসীন ছাত্রলীগের সন্ত্রাস ও হত্যার প্রতিবাদে চারদিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি হলো- ১৪ জানুয়ারি জেলায় জেলায় ও ১৬ জানুয়ারি সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ, ১৮ জানুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবাষির্কী উপলক্ষে শোভাযাত্রা ও ২৫ জানুয়ারি ঢাকায় প্রতীক অনশন।
নতুন নির্বাচন কমিশনের জন্য অনুসন্ধান কমিটির প্রস্তাবের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, “একদিকে রাষ্ট্রপতি সংলাপ করেছেন, অন্যদিকে শুনেছি নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের প্রজ্ঞাপনও ঠিক করে রাখা হয়েছে। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই- তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হলে তা আমরা মানব না।”
“তাই সরকারকে বলব, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আরও একমাস আছে। কিছুদিনের মধ্যে সংসদ অধিবেশন বসবে। এই অধিবেশনেই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল বিল সংসদে নিয়ে আসুন। তাহলে এক মাসের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে যেতে পারে,” যোগ করেন তিনি।
বুধবার খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সংলাপে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে দাবি জানায়। যদিও রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ সংলাপ করছেন নির্বাচন কমিশন পুনর্গঠনে মত চেয়ে।
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসের মাঝামাঝি।
শিক্ষাঙ্গনে অস্থিরতা ও ‘সন্ত্রাস’ সৃষ্টির জন্য ক্ষমতাসীন দল সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগকে দায়ী করেন তিনি বলেন “তিন বছরে ছাত্রলীগ শিক্ষাঙ্গনে নৈরাজ্য, ত্রাস সৃষ্টি করেছে। তাদের হাতে ছাত্রী লাঞ্ছিত হয়েছে। শিক্ষকরা অপমানিত হয়েছেন।”
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মোশাররফ বলেন, “কেবল উপাচার্য পদত্যাগ করলেও শিক্ষার পরিবেশ ফিরে আসবে না। তাই যিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেন, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায় না হলে শিক্ষাঙ্গনের অস্থিরতা ও শান্তি ফিরে আসবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০০৫ ঘ.
bdnews24