পিরোজপুর, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতের সাবেক আমীর গোলাম আযমকে গ্রেপ্তারের প্রতিবাদে পিরোজপুরে মিছিল করার প্রস্তুতির সময় দলটির দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে শহরের বাজার রোডের কাপুড়িয়া পট্টি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা জামায়াতের সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুর রব ও কর্মী মো. নাঈম শেখ।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে জামিন আবেদন নাকচ করে বুধবার সকালে গোলাম আযমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তাকে রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৫১ ঘ.
bdnews24