ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আগুন-পেট্রোল-বোমায় মানুষ মারার চেষ্টা করলে জনগণ ছেড়ে দেবে না।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যুদ্ধাপরাধী, রাজাকার-আলবদরদের পাশে নিয়ে দেশের গণতন্ত্র ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন বলেও মন্তব্য করেছেন শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “যা বলার সংসদে এসে বলুন। তা না করে বাসে আগুন দিয়ে, গাড়িতে পেট্রোল দিয়ে, বোমাবাজি করে মানুষ মারার চেষ্টা করলে জনগণ ছাড় দেবে না।”
বিরোধী দল শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে কোনো বাধা দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, “বোমাবাজি, মানুষ হত্যা জনগন আর মেনে নেবে না।”
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন।
বিডিআর বিদ্রোহ
২০০৯ সালের ২৫-২৬ ফেব্র“য়ারির বিডিআর বিদ্রোহে বিএনপিপ্রধান খালেদা জিয়ার ‘সংশ্লিষ্টতার’ অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, “তিনি [খালেদা জিয়া] দুপুরের আগে বাসা থেকে বের হন না। কিন্তু বিডিআর বিদ্রাহের দিন সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে কেন বাসা থেকে বেরিয়ে উধাও হয়ে গেলেন?
“তিন দিন কেন তার কোনো খবর পাওয়া যায়নি? এক থেকে দেড় মাস তিনি কেন ক্যান্টনমেন্টে ছিলেন না তার জবাব তাকে দিতে হবে।”
এ বিষয়টি সেনাবাহিনীর কর্তৃপক্ষকে ভেবে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
“বিডিআর বিদ্রোহের পরে দেশের প্রায় সব দলের নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে গিয়েছিলেন” উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “শুধু যায়নি বিএনপি ও ৪ দলীয় জোটের কোনো নেতা।”
বিদ্রোহের পর থেকে এ ঘটনার জন্য প্রকারান্তরে আওয়ামী লীগ দায়ী করে একাধিকবার বক্তব্য দিয়েছেন বিএনপিপ্রধান খালেদা এবং দলটির অন্য নেতারা।
ঢাকায় বিডিআর (বর্তমান বিজিবি) সদরদপ্তরে ওই বিদ্রোহে ৫৬ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭৩ জন নিহত হয়।
এখন ইভিএম মানছেন
বিরোধী দলীয় নেতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, মানুষ শান্তিতে থাকলে ওনার [খালেদা জিয়ার] অশান্তি শুরু হয়ে যায়- এ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “উনি জ্বালাও-পোড়াও শুরু করেন।”
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়ায় খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির বিরোধিতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “এতোদিন বিরোধীদলীয় নেতা ইভিএম পদ্ধতিতে ভোট না মানলেও এখন মানতে শুরু করেছেন। ওনার দলের নেতা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জেতায় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে প্রমাণ করেছেন তিনি ইভিএম মেনে নিয়েছেন।”
কুমিল্লা নির্বাচনে সবকেন্দ্রে ভোটগ্রহণ ইভিএমে ভোট নেওয়া হয়। ওই নির্বাচেন পরাজিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।
নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের পরিকল্পনা করলেও প্রধান বিরোধী দল বিএনপি এর বিরোধিতা করে আসছে।
সাংবিধানিক ও আইনিভাবে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে আন্দোলনরত বিএনপির প্রধানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, “তত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হয় না বলে বিরোধীদলীয় নেতা স্বীকার করে নিয়েছেন ২০০৮ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে।”
গত ৩০ জুন সংবিধান সংশোধনের মাধ্যমে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর থেকে তা পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি।
বিএনপিকে সংসদে আসার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, “বিএনপির মতো ভোট চুরির কোনো ফন্দি-ফিকির আওয়ামী লীগের নেই। আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে শক্তিশালী ও নিরপেক্ষ করে গড়ে তোলার জন্য নানা পদক্ষেপ নিয়েছে।”
আগামী ফেব্র“য়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হতে যাওয়ার আগেই তা পুনর্গঠনে মত নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছের রাষ্ট্রপতি। বুধবার বিএনপির সঙ্গে এ সংলাপের দিন নির্ধারিত রয়েছে।
তবে সংলাপে গিয়ে তত্ত্বাবধায়ক পুনর্বহালের দাবিই তুলবে বলে একাধিকবার বলেছে বিএনপি।
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন করবেন বলে চট্টগ্রামে সোমবারের চারদলীয় জোটের জনসভায় খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “তার আমলে ওয়ার্ল্ড ব্যাংক ৯টি প্রকল্প বন্ধ করে দেয় দুর্নীতির কারণে। যোগাযোগ খাতে সব সহযোগিতা তারা প্রত্যাহার করে নেয়।”
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু। সেদিনই নিরস্ত্র বাংলাদেশিদের ওপর নির্বিচরা হত্যাযজ্ঞ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। ওই বছরের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতালাভের ২৬ দিন পর পশ্চিম পাকিস্তান থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এই দিনটিকে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে পালন করে থাকে। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১৫৭ ঘ.
bdnews24