ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
রোববার সন্ধ্যায় ক্যাম্পাসে শহীদ রফিক-জব্বার হলে এ হামলায় আহত হন ইংরেজি বিভাগের (৩৭তম ব্যাচ) ছাত্র জুবায়ের আহমেদ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।
তাকে প্রথমে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়।
রফিক-জব্বার হলের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, øাতক চূড়ান্ত পর্বের পরীক্ষায় অংশগ্রহণের জন্য জুবায়ের রোববার ক্যাম্পাসে আসেন। পরীক্ষা শেষে তাকে রফিক-জব্বার হলের কিছু ছাত্রলীগকর্মী হলে ডেকে নিয়ে মারধর করে।
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের ডা. সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুবায়েরের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার ডান হাত ও দুই পা ভেঙে গেছে। তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়েছিল।”
তিনি বলেন, হাসপাতারে থাকাকালে জুবায়েরের জ্ঞান ছিল না।
হামলার ব্যাপারে ক্যাম্পাসে অবস্থানকারী ছাত্রলীগ নেতা শেখ মো. শরীফ বলেন, “বিষয়টি শুনেছি। তবে কারা এর সঙ্গে জড়িত তা এখনো বলতে পারছি না।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরজু মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি এখনো আমার কানে আসেনি। তবে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুবায়ের এক সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম শাফিনের অনুসারী ছিলেন। তবে গত এক বছর তিনি রাজনীতি থেকে দূরে রয়েছেন। তিনি বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী হওয়া স্বওে ঢাকা থেকে যাতায়াত করে ক্লাশ ও পরীক্ষায় অংশ নিতেন।
শাফিনের সঙ্গে শেখ মো. শরিফ ও এসএম শামীমের দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। এর জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/ডিডি/পিডি/২৩০০ ঘ.
bdnews24