২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী প্রচারে সরগরম নরসিংদী পৌরসভা

প্রতীক বরাদ্দের পর জোর প্রচারণায় নেমে পড়েছেন নরসিংদী পৌরসভার মেয়র পদপ্রার্থীরা। শুক্রবার ছুটির দিনে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

নরসিংদী, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতীক বরাদ্দের পর জোর প্রচারণায় নেমে পড়েছেন নরসিংদী পৌরসভার মেয়র পদপ্রার্থীরা। শুক্রবার ছুটির দিনে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরেছেন তারা। পৌর মেয়র লোকমান হোসেন সন্ত্রাসী হামলায় নিহত হওয়ায় মেয়র পদে উপনির্বাচন হচ্ছে। ১৯ জানুয়ারি ভোটগ্রহণের আগে শুক্রবার ছয় প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়। পৌর শহরের ৯টি ওয়ার্ডেই মাইকে প্রার্থীদের ভোট চাওয়া চলছে। হোটেল রেস্তোরাঁ ও চায়ের স্টলগুলোতে আলোচনা চলছে নির্বাচন নিয়ে। নিহত লোকমানের ভাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামরুজ্জামান কামরুল শুক্রবার শহরের বাসাইল, ভাগদী এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন। জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামরুজ্জামানের প্রতীক কাপ পিরিচ। লোকমান ছিলেন মহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আনারস প্রতীকের প্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূইয়া তার নির্বাচনী প্রতীক হাতে নিয়ে দত্তপাড়া এলাকায় জনসংযোগ করেছেন। লোকমান হত্যামামলার অন্যতম আসামি মোন্তাজ জামিনে ছাড়া পেয়েছেন কয়েকদিন আগেই। নরসিংদী শহর আওয়ামী লীগের সদস্য শিল্পপতি আমজাদ হোসেন ভূইয়া সমর্থকদের নিয়ে চৌয়ালা ও শালিধা এলাকায় বাড়ি বাড়ি ঘুরেছেন। তার প্রতীক দেওয়াল ঘড়ি। বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত সামসুদ্দিন আহমেদ এছাকের ছেলে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোসাব্বির আহমেদ নাসির জনসংযোগ করেছেন বৌয়াকুড় ও বানিয়াছল এলাকায়। খাদ্য পরিবহন ঠিকাদার আফজাল হোসেন মোল্লা বৌয়াকুড় ও খালপাড় এলাকায় জনসংযোগ করেন। তার প্রতীক টেলিফোন। জাকের পার্টির সমর্থক আরিফুল ইসলাম চশমা প্রতীক হাতে নিয়ে শহরের ব্রাহ্মন্দী এলাকার পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করেন। এদিকে আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন যানবাহনে দেওয়াল ঘড়ি মার্কার পোস্টার লাগানোর কারণে আমজাদ হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করেছে নরসিংদীর নির্বাহী হাকিম আবু ইউনূস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪১ ঘ.