২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক না হলে সংলাপে লাভ নেই: মওদুদ

কোন সরকারের অধীনে নির্বাচন হবে, সে ফয়সাল না হলে নতুন নির্বাচন কমিশন গঠন করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদস্য মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 09:31 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোন সরকারের অধীনে নির্বাচন হবে, সে ফয়সাল না হলে নতুন নির্বাচন কমিশন গঠন করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদস্য মওদুদ আহমদ। বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে সেই নির্বাচন সুষ্ঠু ও নিরেপক্ষ হবে না। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিএনপি যাবে না।’’ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ফয়সালা না হলে রাষ্ট্রপতির সংলাপও ফলোপ্রসূ হবে না বলে মন্তব্য করেন তিনি। সরকার গত জুনে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর থেকেই বিএনপি আন্দোলন করে আসছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভাগীয় শহরগুলো অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালন করছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। এদিকে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে আসায় নতুন কমিশন নিয়োগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি বিএনপির সঙ্গে বসবেন। এই সংলাপের বিষয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করে মওদুদ বলেন, “রাষ্ট্রপতিকে দিয়ে সংলাপ অনুষ্ঠানের ব্যবস্থা করে প্রধানমন্ত্রী তাকে বিতর্কের মধ্যে ফেলেছেন। কারণ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নাম সুপারিশ করবেন, রাষ্ট্রপতি কেবল তাতে অনুমোদন দেবেন।’’ জনসাধারণকে বিভ্রান্ত করতেই সরকার রাষ্ট্রপতিকে দিয়ে এই সংলাপের আয়োজন করিয়েছে বলেও অভিযোগ করেন সাবেক আইনমন্ত্রী মওদুদ। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে ১৯৭৪ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করে তিনি বলেন, “দেশের অর্থনীতি চরম সংকটে। মুুদ্রাস্ফীতির চাপ অর্থনীতির অঙ্গনে ছায়া ফেলেছে। বর্তমান সরকারের অদক্ষতা ও অনভিজ্ঞতার কারণে দেশে এই অবস্থার সৃষ্টি হয়েছে।” জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ছাত্রলীগ-জাগপার ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে মিলনায়তনের সামনে দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান। আলোচনা সভার পর হয় শোভাযাত্রা। ছাত্রলীগ-জাগপার সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে শফিউল আলম প্রধান, সহসভাপতি রেহানা প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান খান, জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, ছাত্রলীগ-জাগপা সাধারণ সম্পাদক সাব্বির আলম চৌধুরী আলোচনা সভায় বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫২৩ ঘ.