ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকার তিন বছরে জনগণের কাছে করা কোনো অঙ্গীকারই বাস্তবায়ন করতে পারেনি বলে দাবি করেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের তিন বছর পূর্তির প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি বলেন, মহাজোট সরকারের এই তিন বছর ছিলো জনগণের সঙ্গে ‘প্রতারণা’ ও গণতন্ত্রকে ‘কবর’ দেওয়ার বছর।
“আজ সরকারের তিন বছর পূর্তি হয়েছে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সাফল্যের কথা জনগণকে জানাবেন। আমরা মনে করি, তিনটি বছর ছিলো দেশের মানুষের সঙ্গে প্রতারণার বছর। আশা-আকাঙ্খার প্রতিফলন না ঘটনায় জনগণের কাছে তা হতাশা ও ব্যর্থতার সময় বলে চিহ্নিত হয়ে থাকবে।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সরকারের তিন বছর পূর্তিতে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের আগ মুহূর্তে নয়া পল্টন কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় ফখরুল একথা বলেন।
ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফখরুল বলেন, “সংবিধান সংশোধন করে মহাজোট সরকার গণতন্ত্রকে কবর দিয়ে দেশকে অন্ধকার সুরঙ্গের পথে নিয়ে গেছে।”
সরকারকে পুরোপুরি ব্যর্থ দাবি করে তিনি বলেন, “সরকার তিন বছরে দ্রব্যমূল্য কমাতে পারেনি। জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম দফায় দফায় বাড়িয়েছে । বিদ্যুৎ ও গ্যাসের নতুন সংযোগের অভাবে এই তিন বছরে কোনো বিনিয়োগ ও শিল্পায়ন হয়নি। ফলে ঘরে ঘরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আশ্বাসও ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।”
সরকার স্বীকার না করলেও দেশের অর্থনীতি সঙ্কটে রয়েছে বলে দাবি করেন সাবেক প্রতিমন্ত্রী ফখরুল। তিনি বলেন, “প্রতিদিন ব্যাংক থেকে ১৩০ কোটি টাকা ঋণ নিয়ে দেশ পরিচালনা করতে হচ্ছে সরকারের।”
ব্যর্থতা ‘ঢাকতে’ বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা।
“দেশের মানুষ আপনাদের আর চায় না। তাই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল করে ক্ষমতা থেকে সরে দাঁড়ান,” সরকারের উদ্দেশে তার বক্তব্য।
নির্বাচন বর্জন বিরোধী দলের ভুল সিদ্ধান্ত হবে- বিসিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, “আওয়ামী লীগ অতীতে যেভাবে স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে এবং জনগণের সঙ্গে বেঈমানি করে নির্বাচন করেছে। বিএনপি সেভাবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না।”
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড সভাপতি নজরুল ইসলামের তৃতীয় মৃৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মুখপাত্র।
২০০৯ সালে নজরুল নিহত হন। আলোচনা সভায় নজরুলের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24