২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর যুদ্ধাপরাধ: নবম সাক্ষীকে জেরা

দেলাওয়ার হোসাইন সাইদীর যুদ্ধাপরাধের মামলায় নবম সাক্ষী মোহাম্মদ আলতাফ হোসেন হাওলাদারের সাক্ষ্য শেষে তাকে জেরা শুরু করেছেন আসামিপক্ষের আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 10:46 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেলাওয়ার হোসাইন সাইদীর যুদ্ধাপরাধের মামলায় নবম সাক্ষী মোহাম্মদ আলতাফ হোসেন হাওলাদারের সাক্ষ্য শেষে তাকে জেরা শুরু করেছেন আসামিপক্ষের আইনজীবী। সোমবার দুপুরে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি দুটি ঘটনার বিষয়ে সাক্ষ্য দেন। মূলত ১৯৭১ সালের ৭ মে ও একই বছরের ২ জুনের দুটি ঘটনার প্রত্যক্ষদর্শী পিরোজপুরের পাড়েরহাট ইউনিয়ন পরিষদের টেংরাখালী গ্রামের বাসিন্দা আলতাফ। দুপুরের বিরতির পর থেকে বিকাল ৪টা পর্যন্ত তাকে জেরা করেন সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম। হত্যা ও লুণ্ঠনে সাঈদীর প্রত্যক্ষ অংশগ্রহণ এবং নেতৃত্ব দেওয়ার বিষয় তুলে ধরে হাওলাদার বলেন, পাড়েরহাট গ্রামে বাড়িঘর ও দোকানে সাঈদীর লুণ্ঠনের প্রত্যক্ষদর্শী তিনি। এ ছাড়া জুনে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় বিশাবালীকে হত্যার প্রত্যক্ষদর্শীও তিনি। সাক্ষ্য দেওয়ার পর জেরা শুরু হলে সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম জানান, আলতাফ এর আগেও সাঈদীর বিরুদ্ধে দায়ের করা অপর একটি মামলায় পিরোজপুর হাকিমের কাছে সাক্ষ্য দিয়েছেন। তবে সে সময় তিনি সাঈদীর নির্দেশে বিশাবালীকে হত্যা অথবা সাঈদী নিজে গুলি করেছেন- এমন কথা বলেননি। অবশ্য মিজানুলের এ দাবি নাকচ করেন আলতাফ। বিকাল ৪টা পর্যন্ত জেরা শেষে আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। বুধবার ফের নবম সাক্ষীকে জেরা করা হবে। এর আগে সোমবার অষ্টম সাক্ষী মো. মোস্তফা হাওলাদারকে জেরা করেন সাঈদীর আইনজীবীরা। মানবতাবিরোধী ২০টি অপরাধে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুন্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএল/১৬৪২ ঘ.