২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: আবার হেফাজতে মোন্তাজ

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার আসামি শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়াকে আবারো একদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 06:22 AM

Updated : 24 Aug 2022, 10:29 AM

নরসিংদী, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার আসামি শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়াকে আবারো একদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। নরসিংদীর প্রধান বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা সোমবার এই আদেশ দেন। এর আগে এক দিনের হেফাজত (রিমান্ড) শেষে মোন্তাজকে গত শনিবার আদালতে হাজির করে নতুন করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মামুনুর রশিদ মণ্ডল। শুনানির জন্য সোমবার দিন রেখে সেদিন আসামিকে কারাগারে পাঠায় আদালত। সোমবার সকালে মোন্তাজ উদ্দিনকে আদালতে হাজির করার পর এক দিনের হেফজত মঞ্জুর করেন বিচারক। গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন। তার ভাই কামরুজ্জামান এ ঘটনায় টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করে একটি মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। এজাহারে মোন্তাজের নাম রয়েছে ৪ নম্বরে। গত ২৯ ডিসেম্বর নরসিংদীর প্রধান বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন মোন্তাজ। এই আওয়ামী লীগ নেতা নরসিংদীর মেয়রের শূন্য পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে স্বাক্ষরে অমিল থাকায় গত মঙ্গলবার তা বাতিল করে নির্বাচন কমিশন। লোকমান হত্যায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১২১৪ ঘ.