২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পার্টি জেপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রতিহিংসামুক্ত রাজনীতি এবং যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার জানিয়েছে জাতীয় পার্টি (জেপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 03:56 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিহিংসামুক্ত রাজনীতি এবং যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার জানিয়েছে জাতীয় পার্টি (জেপি)। রাজধানীর প্রেসক্লাবে ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় দলের সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু এ আহ্বান জানান। তিনি বলেন, “জাতীয় পার্টি গণতন্ত্র এবং সংবিধান রক্ষায় সবসময় রাজপথে ছিলো, আছে এবং থাকবে। পার্টির ২৬ বছর টিকে থাকাই এর প্রমাণ।” অবশ্য বক্তব্যের বেশিরভাগ সময় জুড়েই তিনি সাবেক ঐক্যবদ্ধ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সমালোচনা করেন। নাম উল্লেখ না করেই আনোয়ার হোসেন মঞ্জু বলেন, “আমাদের পার্টির ভূতপূর্ব চেয়ারম্যন বলেছেন মন্ত্রিত্বের লোভে আমরা ’৯৬ সালে আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছিলাম। আমি তার কাছে প্রশ্ন করতে চাই আপনি এখন সরকারি দলে আছেন, না বিরোধী দলে আছেন? কারণ আপনার ভাই একজন মন্ত্রী।” “রাজনীতিতে আদর্শে বিশ্বাস করতে হয়। মামলা তুলে নিলে মহাজোটে আছি, না নিলে নেই- এই ধরনের মোনাফেকি রাজনীতিতে আমরা বিশ্বাস করি না”, যোগ করেন তিনি। ১৯৯৬ সালে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠনের সময় এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি পার্টি আওয়ামী লীগকে সমর্থন দিলেও পরবর্তীতে চার দলীয় জোটে শরিক হন। পরে মন্ত্রিপরিষদে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আনোয়ার হোসেন মঞ্জু এরশাদের সিদ্ধান্তের বিরোধিতা করে নতুন দল গঠন করেন। তবে মঞ্জু দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে জাতীয় পার্টির বিভক্তি হয়েছিলো। আলোচনা সভায় সরকারের প্রতি সংবিধান সমুন্নত রাখা এবং যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার দাবি জানান তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছোট ছেলে আনোয়ার হোসেন মঞ্জু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, অতিরিক্ত সচিব সাদেক সিদ্দিকী এবং প্রেসিডিয়াম কমিটির সদস্য মিসেস আমেনা বারী, আব্দুর রহিম, কর্নেল (অব.) আব্দুল লতিফ মল্লিক, এজাজ আহমেদ মুক্তা, জয়নাল আবেদিন, মফিজুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/২১৫৩ ঘ.