চট্টগ্রাম, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তোরণ পোড়ানো এবং গ্রেপ্তার অভিযান খালেদা জিয়ার রোড মার্চ বানচালের ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার প্রথম প্রহরে মেহেদীবাগে আমীর খসরুর বাড়ির সামনে রোর্ড মার্চ উপলক্ষে নির্মিত একটি তোরণ পুড়িয়ে দেওয়ার পর দুপুরে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।
আগামী ৮ জানুয়ারি ঢাকা থেকে রোড মার্চ শুরু করবেন বিরোধীদলীয় নেতা খালেদা। পরদিন চট্টগ্রামে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এই কর্মসূচি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু নগরীর নাসিমন ভবনে সংবাদ সম্মেলনে বলেন, রোড মার্চকে সামনে রেখে গত এক সপ্তাহে চট্টগ্রামে দলের বিভিন্ন পর্যায়ের ২০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
“দলের জ্যেষ্ঠ নেতাকর্মীদের হুমকি ও তাদের বাসভবনে পুলিশি অভিযান চালানো হচ্ছে,” বলেন তিনি।
নগরীর বিভিন্ন এলাকায় স্থাপিত বিলবোর্ড, পোস্টার, ডিজিটাল ব্যানার ছিড়ে ফেলা হয়েছে অভিযোগ করে সাবেক এই মন্ত্রী বলেন, “এ ধরনের কর্মকাণ্ড রোড মার্চ বানচালের গভীর ষড়যন্ত্র।”
সরকারের মদদে এসব কর্মকাণ্ড চলছে দাবি করে তিনি বলেন, “এর ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে আমার বাসার সামনের তোরণে আগুন দেওয়া হয়েছে।”
আমীর খসরু বলেন, রোড মার্চ ঘিরে চট্টগ্রামবাসীর মধ্যে সাড়া পড়ে যাওয়ায় তা রোডমার্চ ঠেকাতে সরকার ‘ষড়যন্ত্র’ করছে।
তোরণে আগুন দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ করা হবে বলে জানান তিনি।
বিএনপি’র রোড মার্চের ঠিক আগে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানকেও ‘রহস্যজনক’ অভিহিত করেন আমীর খসরু।
তার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের নাজেহাল করাই এই অভিযানের উদ্দেশ্য।
চট্টগ্রামে রোড মার্চের সমাবেশস্থলের বিষয়ে নগর সভাপতি বলেন, তিন বার রেলওয়েও পলোগ্রাউন্ডের বরাদ্দ চেয়েও পাওয়া যায়নি।
“রেলমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছি। আজ (রোববার) বিকালে এ বিষয়ে মন্ত্রী তার সিদ্ধান্ত জানাবেন,” বলেন তিনি।
পলোগ্রাউন্ড না পেলে কী করা হবে জানতে চাইলে আমীর খসরু বলেন, সেক্ষেত্রে পুরো নগরী জুড়েই রোড মার্চের সমাবেশ হবে।
সংবাদ সম্মেলনে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সহ-সভাপতি শামসুল আলম ও আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান শামীম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এমআই/১৪২০ ঘ.
bdnews24