ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়েদুল কাদের বলেছেন, দিন-তারিখ ঘোষণা করে সরকারের পতন ঘটানো যায় না।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তবে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা হচ্ছে দাবি করে সরকারকে সজাগ থাকারও পরামর্শ দিয়েছেন সাবেক এ প্রতিমন্ত্রী।
বিএনপি চেয়ারপারসন খালেদা বৃহস্পতিবার এক সভায় বলেন, আগামী সেপ্টেম্বরের আগেই সরকারকে বিদায় নিতে হবে।
এ বক্তব্যের প্রতিক্রিয়ায় কাদের বলেন, "পৃথিবীর কোথাও দিন-তারিখ ঠিক করে সরকার পতন করা যায়নি। আপনারাও পারবেন না। এটা আপনার দিবাস্বপ্ন।"
অক্টোবরের রোড মার্চ শেষে 'ফাইনাল খেলা' হবে বলে খালেদার হুঁশিয়ারি নিয়েও কথা বলেন তিনি।
কাদের বলেন, "গত ২৭ সেপ্টেম্বরের জনসভা যদি খেলার প্রথম রাউন্ড হয় তাহলে সেকেন্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল না খেলেই একেবারে ফাইনাল খেলবেন, এমনটা তো হতে পারে না।"
"দেশে যেভাবে অরাজকতা শুরু হয়েছে তাতে সামনের দুই বছর বর্তমান সরকারের জন্য চ্যালেঞ্জ," বলেন তিনি।
ছাত্রলীগের সাবেক সভাপতি কাদের বলেন, কিছু কলুষিত নেতা ছাত্রলীগে ঢুকে সংগঠনকে নষ্ট করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
'জননেত্রী থেকে প্রধানমন্ত্রী' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে স্বপ্ন দেখেন এবং দেশের জনগণকে স্বপ্ন দেখান এবং তা বাস্তবায়নে সচেষ্ট থাকেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, শান্তি কেবল মাইক্রোক্রেডিট এর মধ্যে সীমাবদ্ধ হকে পারে না। সব শর্ত পূরণ করেই শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, যেমনটি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল আলম সিদ্দিক এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর রশিদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.
bdnews24