শরীয়তপুর, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জনসভায় যাওয়ার পথে শরীয়তপুরের নড়িয়ায় নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চণ্ডিপুর লঞ্চঘাট এলাকায় সরকারদলীয় কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপি জেলা কমিটির সাবেক সভাপতি জামাল শরফি হিরু সাংবাদিকদের জানান, ঢাকায় চারদলের ডাকা মহাসমাবেশে নেতাকর্মীদের যাওয়ার জন্য দুটি লঞ্চ ভাড়া করা হয়। সকাল থেকেই নেতাকর্মীরা চণ্ডিপুর লঞ্চঘাটে জড়ো হয়। এ সময় ছাত্রলীগ ও যুবলীগ বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালায়।
হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
হিরু বলেন, হামলার পর ছাত্রলীগ ও যুবলীগ লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। পরে নেতাকর্মীরা বাসে করে ঢাকার পথে রওয়ানা হন।
বিএনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, মহাসমাবেশে যাওয়ার পথে যুবলীগ ও ছাত্রলীগের হামলায় আহতদের ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অবশ্য নড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বাদল চৌকিদার ঘটনায় জড়িত থাকার কথা নাকচ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপির দু'গ্র"পের মধ্যে মারামারি হয়েছে। এখন বিএনপি ছাত্রলীগের ঘাড়ে দোষ চাপাতে চাচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৫৫৬ ঘ.
bdnews24