নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে জামায়াতে ইসলামীর কর্মীদের পুলিশের গাড়ি ভাংচুরের সাত দিনের মাথায় প্রধানমন্ত্রী বলেছেন, দলটিকে আর ধ্বংসাত্মক কার্যক্রম ও ভাংচুর করতে দেওয়া হবে না।
রোববার নিউইয়র্কে শেখ হাসিনা বলেন, "দেশে জঙ্গি তৎপরতা বন্ধ রয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার এগিয়ে চলেছে। উন্নয়ন ও অগ্রগতির পক্ষে চলমান এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি মহল তৎপর হয়ে উঠেছে।"
"বাংলাদেশ এখন আর কোনো জঙ্গিবাদের দেশ নয়," উল্লেখ করে তিনি বলেন, "উদার গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বে আমাদের পরিচিতি ঘটেছে।"
নিউ ইয়র্কে প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গত ১৯ সেপ্টেম্বর দলীয় কর্মসূচি পালনের সময় ঢাকাসহ সারা দেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাংচুর ও গাড়িতে অগ্নিকাণ্ডে লিপ্ত হয় জামায়াত ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির। কর্মসূচি চলাকালে তাদের হামলায় ৫০ জন পুলিশ আহত হয়। পুলিশের গাড়িসহ ১৫টি গাড়িতে অগ্নিসংযোগ করে জামায়াতের কর্মীরা।
জাতিসংঘের ৬৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ১১ দিনের সফরে গত ১৮ সেপ্টেম্বর নিউ ইর্য়কে পৌঁছান শেখ হাসিনা। আগামী ২৮ সেপ্টেম্বর তার ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে।
'খুনিদের সংসদে বসিয়ে তত্ত্বাবধায়ক আইন পাস'
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে হাসিনা বলেন, "বঙ্গবন্ধুর খুনিদের সংসদে বসিয়ে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস করা হয়েছিলো। খুনিদের প্রণীত আইন জনগণের জন্য কল্যাণকর হতে পারে না।"
বাংলাদেশের সংবিধানকে ১৯৭২ সালের মূল চেতনায় ফিরিয়ে নেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের মাটিতে সংবিধান লঙ্ঘন করে আর কেউ কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না।"
গত ৩০ জুন সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ক ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়। এর আগে সুপ্রিম কোর্ট এ ব্যবস্থা বাতিল বলে রায় দেয়।
তত্ত্বাবধায়ক সরকার বাতিল প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের কর্মকাণ্ডে অন্তর্বর্তী ব্যবস্থার প্রতি জনগণ আস্থা হারিয়েছে।
"তত্ত্বাবধায়ক সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে- এই নিশ্চয়তা কে দেবে?"
অনুষ্ঠানে সজীব আহমেদ ওয়াজেদ বলেন, দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধী ছাড়া বাংলাদেশের প্রতিটি মানুষ শান্তিতে বসবাস করছে।
তিনি বলেন, "যে কোনো সরকারের চেয়ে আওয়ামী লীগ দেশ পরিচালনায় দক্ষ।"
রোববার রাতে নিউ ইয়র্কে হোটেল হিলটনে প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় বক্তব্যে শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তাদের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার আহ্বান জানান।
দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা স্মরণ করে তিনি তাদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের প্রবাহ বৃদ্ধি করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশের উন্নয়নের স্বার্থে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান আইনগত ব্যবস্থা থেকে বিরত হবে না।
'মাসে একবার হরতাল ডাকলেই হয়'
বিএনপির আন্দোলন ও হরতাল প্রসঙ্গে শেখ হাসিনা রসিকতা করে বলেন, "মাঝেমধ্যে তারা হরতাল-টরতাল ডাকুক। দিন-তারিখ ঠিক করে মাসে একবার হরতালের ডাক দিলেই হয়। এতে লোকজন বিশ্রাম পাবে।"
হরতালকে 'পরিবেশবান্ধব' উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, হরতাল ডাকার পর বিরোধী দলের নেতা-কর্মীদের কলকারখানায় ঠিকই কাজকর্ম চলে।
সর্বশেষ ২২ সেপ্টেম্বরের হরতালসহ এ সরকারের মেয়াদে সাতবার হরতাল ডেকেছে বিএনপি।
বাংলাদেশের ইতিহাসে ১৯৯৬ সাল থেকে ২০০১ সালকে 'স্বর্ণযুগ' বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
তিনি বলেন, "২০০১ সালের পর জনগণের স্বপ্ন চুরমার হওয়া শুরু করে। বিএনপি ও তাদের জোট সরকার আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের আত্মপরিচয়কে প্রশ্নবিদ্ধ করে তোলে।"
"ওই সময়ে ১৬ জন সাংবাদিককে হত্যা করা হয় এবং দেড় হাজার সাংবাদিক হয়রানির শিকার হন।"
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল।
'ভোট না দিলে থাকবো না'
সরকারের কর্মতৎপরতার কারণে গত উন্নয়ন বাজেটের ৯৩ ভাগ সম্পন্ন করা হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন বাংলাদেশে জাতীয় প্রবৃদ্ধির হার আগামী বছরে ৭ শতাংশে উন্নীত হবে।
কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয় মন্তব্য করে হাসিনা বলেন, "যখন জনগণ ভোট দেবে না, তখন ক্ষমতায় থাকবো না। যারা ক্ষমতার জৌলুসে থাকে, তাদের অনেক বদ অভ্যাসও আরো খারাপের দিকে যায়।"
"ওইসব ক্ষমতালিপ্সুরা ক্ষমতাচ্যুত হলে উন্মাদ হয়ে ওঠে। হঠাৎ যা পায়, পরে তা না পেয়ে চুরি করা শুরু করে। আমি জীবনে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে এসেছি। জনগণের কল্যাণের জন্য আমরা আমাদের বর্তমানকে উৎসর্গ করে যেতে চাই।"
প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ বিমানের নিউইয়র্ক ফ্লাইট পুনরায় চালু হবে বলেও ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, "বোয়িং কোম্পানি থেকে উড়োজাহাজ সরবরাহ পাওয়ার পরই নিউইয়র্ক রুটে বিমান চালু করা সম্ভব হবে। আগামী নভেম্বরে এ সরবরাহ পাওয়ার কথা রয়েছে।"
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খালেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান, জাতীয় সংসদের হুইপ মির্জা আজম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, অর্থনীতিবিদ আবুল বারাকাত, আওয়ামী লীগের নেতা সিদ্দিকুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/আরএ/পিডি/২৩৪৫ ঘ.
bdnews24