২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বিএনপি নেতা খুন

নাটোরের গুরুদাসপুরে বিএনপির স্থানীয় এক নেতাকে গলাকেটে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, হত্যাকারীরা আওয়ামী লীগের মদদপুষ্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 06:48 AM

Updated : 24 Aug 2022, 04:22 PM

নাটোর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের গুরুদাসপুরে বিএনপির স্থানীয় এক নেতাকে গলাকেটে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, হত্যাকারীরা আওয়ামী লীগের মদদপুষ্ট। নিহত মমিন আলী মণ্ডল (৫৫) গুরুদাসপুর উপজেলা বিএনপির সদস্য এবং বিয়াঘাট ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। তিনি ইউনিয়ন পরিষদেরও সাবেক সদস্য। নিহতের পরিবার অভিযোগ করেছে, প্রতিবেশীদের সঙ্গে বিরোধ নিয়ে একটি মামলা প্রত্যাহার না করায় মমিন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শুক্রবার রাতে বাড়িতে হামলা চালিয়ে মমিনকে হত্যা করা হয়। স্থানীয় বিএনপির অভিযোগ, হামলাকারীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। মমিনের ছেলে আশরাফুল মণ্ডল সাংবাদিকদের বলেন, তার ভাই রফিককে মারপিট করে হাত-পা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় একটি মামলা হয়েছিলো। ওই মামলা তুলে না নেওয়ায় শুক্রবার রাতে তার বাবাকে হত্যা করে প্রতিবেশী আফতাব, মহাতাব, আলাল ও জালাল। মমিনের পুত্রবধূ শিল্পী বেগম বলেন, "পাশের কক্ষ থেকে গোঙানির শব্দ শুনে বের হয়ে সন্ত্রাসীদের দেখতে পাই। তখন আমি আলালকে জাপটে ধরলে সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। পরে ঘরের ভেতর গিয়ে দেখতে পাই আমার শ্বশুর বিছানায় ছটফট করছেন।" রাত সাড়ে ১২টার দিকে মমিনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, মমিন মারা গেছেন। মমিনের ছোট ভাই মজিদ মন্ডল ও সাইদুল ইসলাম জানান, প্রায় এক বছর আগে মমিনের ছেলে রফিককে (২২) মারপিট করে হাত-পা গুঁড়িয়ে দেওয়া হয়। এনিয়ে আদালতে একটি মামলা রয়েছে। অভিযুক্ত আফতাব, মহাতাব, আলাল ও জালাল ওই মামলা তুলে নিয়ে চাপ দিয়ে আসছিলো। শুক্রবার বিকালেও অভিযুক্তরা মমিনের বাড়িতে গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয় বলে দাবি করেন মজিদ। তিনি অভিযোগ করেন, তারা (অভিযুক্ত) সবাই আওয়ামী লীগের মদদপুষ্ট। গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এম মোজাম্মেল হক বলেন, "গুরুদাসপুরে সরকারদলীয় সন্ত্রাসীদের নির্যাতন-নিপীড়ণ চলছে। এর সর্বশেষ শিকার হলো মমিন।" তিনি মমিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের অধিকাংশকে এলাকায় পাওয়া যায়নি। জালাল উদ্দিনকে পাওয়া গেলে তিনি সাংবাদিকদের বলেন, "আমি ঢাকায় চাকরি করি। ছুটিতে বাড়ি এসে জানতে পারি, মমিন খুন হয়েছে। এ ঘটনায় আমি জড়িত নই।" হত্যাকাণ্ডের বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, "ওই এলাকায় কিছু চিহ্নিত লোক নানা অপকর্মের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে অভিযোগ থানায় না আসায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।" মমিন হত্যার অভিযোগে একটি মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৩ ঘ.