নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচন পরিচালনার জন্য নিয়োগ পাওয়া নয়জন সহকারী রিটার্নিং অফিসার শুক্রবার কাজে যোগ দিয়েছেন।
বিকালে তারা সিটি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে প্রার্থীদের প্রচারণার ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণ করা হয়েছে কিনা খোঁজখবর নেন।
এর আগে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমানের সভাপতিত্বে।
এতে নয় সহকারী রিটার্নিং অফিসার এবং তাদের সঙ্গে নিয়োগ করা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে প্রত্যেক সহকারী রিটার্নিং অফিসারকে তিনটি করে সাধারণ ওয়ার্ড এবং একটি করে সংরক্ষিত ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লি¬ষ্ট সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা যেকোনো বিষয়ে জানতে এবং সমস্যার সমাধান পেতে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের কাজের সুবিধায় প্রত্যেকের জন্য একজন করে স্টাফ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, বলেন তিনি।
গত ৫ মে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও বন্দর কদমরসুল পৌরসভাকে বিলুপ্ত এবং এই তিন পৌরসভার পুরো এলাকা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠন করা হয়। নির্ধারণ করা হয় ২৭টি ওয়ার্ডের সীমানা।
মোট ভোটার সংখ্যা চার লাখ চার হাজার ১৮৯। ২৭টি ওয়ার্ডের ১৬৩টি কেন্দ্রের ভোটকক্ষ থাকবে এক হাজার ২১৭টি।
তফসিল ঘোষণা: প্রচারণার ধরন পাল্টে গেছে
এদিকে তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার রাতেই সম্ভাব্য প্রার্থীরা আগে লাগানো বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন খুলে ফেলেছেন। গত দুই মাস থেকে সম্ভাব্য প্রার্থীদের রঙিন বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গিয়েছিল গোটা সিটি করপোরেশন এলাকা।
আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ চালাচ্ছেন ও ঘরোয়া বৈঠক করছেন।
বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন তৈমুর আলম খন্দকার।
তবে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য সবেক পৌর মেয়র সেলিনা হায়াত আইভী ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি তৈমুর আলম খন্দকারের পক্ষে ইতোমধ্যে সাবেক সংসদ সদস্য আবুল কালামকে আহবায়ক করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সকালে তিনি শহরের মন্ডলপাড়া, জিমখানা, মাছুয়াপাড়া, শীতলক্ষ্যা, বন্দরের সোনাকান্দা, ফরাজীকান্দা, দড়ি সোনাকান্দা এলাকায় গণসংযোগ করেছেন।
সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী ১৭ নম্বর ওয়ার্ডের জিমখানা, ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ঘরোয়া বৈঠক করেন।
শামীম ওসমানও শহরের দেওভোগসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
তৈমুর আলম খন্দকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে বলেন, নারায়ণগঞ্জ সন্ত্রাসের জনপথ। সেখানে এক মাসে সাত জন মানুষ খুন হয়েছে। সেনাবাহিনী মোতায়েন করা না হলে ভোট কারচুপি হবে। অন্যথায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
সেলিনা হায়াত আইভী বলেন, "দল থেকে আমাকেই সমর্থন দেওয়া হবে বলে মনেপ্রাণে বিশ্বাস করি। কারণ, ২০০৩ সালে দলের দুঃসময়ে মেয়র নির্বাচিত হয়ে দলকে সুসংগঠিত করতে কাজ করেছি।"
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান জরুরি। এজন্য সেনা মোতায়েন ও প্রশাসনে রদবদল করার দাবি জানান তিনি।
একেএম শামীম ওসমান বলেন, "দল চাইলে নির্বাচন করবো। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩১ ঘ.
bdnews24