২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নৈরাজ্য' ঠেকাতে চট্টগ্রাম আ. লীগের কর্মসূচি

বিরোধী দলের ডাকা হরতালে 'জ্বালাও-পোড়াও ও ভাংচুর' ঠেকাতে কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 06:38 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের ডাকা হরতালে 'জ্বালাও-পোড়াও ও ভাংচুর' ঠেকাতে কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। নগর আওয়ামী লীগের বিভক্ত দুই পক্ষ বৃহস্পতিবারের হরতাল ঠেকাতে আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। নগর কমিটির সাধারণ সম্পাদক ও নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী কাজী ইনামুল হক দানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের নামে কেউ নগরীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তা প্রতিরোধ করা হবে। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয় চত্বরে হরতালবিরোধী সমাবেশ করা হবে। সেখানে আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন। পাশাপাশি নগরীর মুরাদপুর, ইস্পাহানি মোড়, পাহাড়তলি ও বারিক বিল্ডিং এলাকায় হরতালবিরোধী সমাবেশ করা হবে বলে জানান তিনি। নগর কমিটির প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়ার্ড ও থানায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা হরতালবিরোধী মিছিল সমাবেশ করবে। দলীয় নেতাকর্মীরা সব ধরনের নাশকতা রোধে রাস্তায় থাকবেন। "যানবাহন চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে কেউ বাধা দিলে তা প্রতিহত করা হবে।" সন্ধ্যায় নগরীর বাগমনিরাম এলাকায় নগর কমিটির সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসায় জরুরি বর্ধিত সভায় এ সব সিদ্ধান্ত হয় বলে জানান ফারুক। মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সাবেক গণপরিষদ সদস্য ইসহাক মিয়া, নগর কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী উপস্থিত ছিলেন। সোমবার নগরীর মুরাদপুরে পুলিশের ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলার নিন্দা জানিয়ে মহিউদ্দিন বলেন, দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। এর আগে বুধবার বিকালে নগরীর কয়েকটি স্থানে হরতালবিরোধী মিছিল করে মহিউদ্দিন চৌধুরীর সমর্থক নেতাকর্মীরা। এদিকে হরতালে 'নৈরাজ্য' ঠেকাতে আলাদাভাবে প্রস্তুতি নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীনের অনুসারীরা। চট্টগ্রাম আওয়ামী লীগের এ অংশের নেতা নগর কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম চৌধুরী বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের নামে আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো ধরনের ঘটনা ঘটাতে গেলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে। বৃহস্পতিবার দিনভর নগরীর নিউমার্কেট, মুরাদপুর, অক্সিজেন, এ কে খান গেইট, বিমানবন্দর চত্বর, সিমেন্ট ক্রসিং ও দেওয়ানহাট এলাকায় হরতালবিরোধী সমাবেশ করা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/জেকে/০০৩২ ঘ.