ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের আগে ২৪ ঘণ্টায় সারাদেশে দেড় শতাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে বিএনপি।
বুধবার সন্ধ্যায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, "হরতালকে সামনে রেখে পুলিশ সারাদেশে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নির্যাতন চালাচ্ছে। পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাচ্ছে। গত রাত থেকে এ পর্যন্ত সারাদেশে আমাদের দেড় শতাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।"
বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে মিছিলে পুলিশি লাঠিপেটায় শতাধিক নেতা-কর্মী আহত হয়েছে বলেও দাবি করেন তিনি।
রিজভী বলেন, ঢাকা মহানগরের গেন্ডারিয়া, খিলগাঁও, শেরে বাংলা নগর, বাগেরহাট, খুলনা, রাজশাহী, কিশোরগঞ্জ, শরীয়তপুর, খাগড়াছড়ি, নওগাঁ, মাগুরা, মাদারীপুরে গ্রেপ্তার অভিযান চলেছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মান্নানের ধানমণ্ডির বাড়িতে মঙ্গলবার মধ্যরাতে পুলিশ অভিযানে যায় বলে জানান রিজভী।
তিনি বলেন, "ওই সময় অধ্যাপক মান্নান বাসায় ছিলেন না। তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।"
জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপিসহ চার দল বৃহস্পতিবার সারাদেশে সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হরতাল ডেকেছে।
হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে পুলিশ সক্রিয় থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ধরনের অপরাধের সাজা তাৎক্ষণিকভাবে দিতে ভ্রাম্যমাণ আদালতও কাজ করবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।
রিজভী বলেন, "ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হরতাল দমানো যাবে না। এভাবে বাধা দেওয়ার প্রক্রিয়া নেতা-কর্মীরা মানবে না। পিকেটিং হবেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০০৫ ঘ.
bdnews24