২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ব্যাংক প্রতিষ্ঠার বিপক্ষে বিএনপি

দেশে আরো ব্যাংক প্রতিষ্ঠার বিরোধিতা করে বিএনপি বলছে, রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক প্রতিষ্ঠা পেলে তা অর্থনীতিকে বিরূপ প্রভাব ফেলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 07:16 AM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে আরো ব্যাংক প্রতিষ্ঠার বিরোধিতা করে বিএনপি বলছে, রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক প্রতিষ্ঠা পেলে তা অর্থনীতিকে বিরূপ প্রভাব ফেলবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "দেশের অর্থনীতিতে খারাপ অবস্থা বিরাজ করছে। এ অবস্থায় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নতুন ব্যাংক দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি। এতে দেশের অর্থনীতি অস্থিতিশীল ও ক্ষতিগ্রস্ত হবে।" বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্যদের সভায় নতুন ব্যাংক প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়। বর্তমানে দেশের তফসিলি ব্যাংকের সংখ্যা ৪৭টি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর আগে বলেছিলেন, রাজনৈতিক সিদ্ধান্তে নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "দেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা দুর্বল। বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর এবং বর্তমান মহাজোট সরকারের তিন বছরে এ সামষ্টিক অর্থনীতি অস্থিতিশীল ও দুর্বল হয়ে পড়েছে।" তিনি দাবি করেন, চারদলীয় জোট সরকার দেশের সামষ্টিক অর্থনীতির ভিত্তিকে একটি শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিলো। ফখরুল দুপুর ১২টার দিকে জাতীয়তাবাদী বাস্তুহারা দলের নবগঠিত কমিটির নেতা-কর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেন। সেখানেই সাংবাদিকদের সঙ্গে তার কথা হয়। গত সপ্তাহে বাস্তহারা দলের ৩০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি হচ্ছেন হাফিজুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম বাদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩১০ ঘ.