ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের নীতি-নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এই প্রথম দলের উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসছে।
শুক্রবার বিকালে গণভবনে অনুষ্ঠেয় এ যৌথসভায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন বলে দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ থাকলেও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে তাদের যৌথসভার নজির নেই। ২০০৯ সালে বর্তমান কমিটি গঠনের পরও এ ধরনের যৌথসভা আর হয়নি বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আব্দুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্তের মতো কেন্দ্রীয় কমিটি থেকে বাদপড়া প্রভাবশালী নেতারা এবার উপদেষ্টা পরিষদে রয়েছেন। বিভিন্ন বিষয়ে এ কয়েকজন নেতাকে অন্য ফোরামে এনে শেখ হাসিনাকে পরামর্শ নিতে দেখা গেছে।
সরকারের বিভিন্ন মন্ত্রীদের কার্যক্রমে দলীয় পর্যায়ে অসন্তোষের মধ্যে আওয়ামী লীগের এ যৌথসভা হচ্ছে। গত এক মাসে যোগাযোগমন্ত্রী, অর্থমন্ত্রী, নৌমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীর সমালোচনা ওঠে সংসদেও। দলীয় নেতাদের সমালোচনা বন্ধে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার হস্তক্ষেপও চেয়েছেন কয়েকজন মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭৪২ ঘ.
bdnews24