ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে চারদলীয় ঐক্যজোট। ওই কমিটি আন্দোলনে কর্মসূচির রূপরেখা প্রণয়ন করবে।
সোমবার রাতে চার দলের নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক শেষে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, "লিয়াজোঁ কমিটিতে প্রতিটি দল থেকে মহাসচিবের নেতৃত্বে তিন সদস্য থাকবেন।"
কর্মসূচি কী আসতে পারে- জানতে চাইলে আন্দালিব বলেন, "অবস্থান কর্মসূচি, রোড মার্চসহ বিভিন্ন কর্মসূচি আসতে পারে।"
হরতাল কর্মসূচি আসতে পারে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, "উড়িয়ে দেওয়া যায় না।"
এর আগে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, "বৈঠকে আন্দোলনে কর্মসূচি ও দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। সমমনা দলগুলোর সঙ্গে আলাপ করে যুগপৎ কর্মসূচি ঘোষণা করা হবে শিগগিরই।"
রাত সোয়া ৯টায় খালেদার গুলশান কার্যালয়ে তার সভাপতিত্বে চার দলের বৈঠক হয়। চলে ১০টা ৪০ মিনিট পর্যন্ত।
বৈঠকে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক, মহাসচিব আহমেদ আবদুল কাদের এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
শনিবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে খালেদা জিয়া বেঠক করে সম্ভাব্য কর্মসূচি চূড়ান্ত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩১২ ঘ.
bdnews24