ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে নির্ধারিত সমাবেশ করতে না পেরে রাজধানীতে গাড়ি ভাঙচুর করেছে দলটির কর্মীরা।
সমাবেশচেষ্টার আগে ও পরে পুলিশ দলটির ৪৭ নেতা-কর্মীকে আটক করে।
রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনুমতি ছাড়াই জামায়াতে ইসলামী সোমবার বিকালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সমাবেশ করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দেয়।
এক পর্যায়ে তারা কাকরাইলে গিয়ে মিছিল বের করলেও পুলিশ তাতে বাধা দেয়। এ সময় তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা এবং বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
শিবলী নোমান জানান, জামায়াতকর্মীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সেখান থেকে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।
একই সময় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সামনে জড়ো হওয়া অপর একটি দল মিছিল বের করার চেষ্টা করলে সেখান থেকে আরো ২১ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান শাহবাগ থানার ওসি রেজাউল করিম।
অবশ্য জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মো. তাসনীম আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়ম অনুযায়ী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন ভাড়া নেওয়া হয়েছিলো। কিন্তু পুলিশ সকাল থেকে আশেপাশের এলাকা ঘিরে রাখে এবং সেখানে যেতে বাধা দেয়।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একটি মামলায় ২০১০ সালের ৩০ জুন গ্রেপ্তার করা হয় সাঈদীকে। পরে যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালতে গত ৪ সেপ্টেম্বর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রথম শুনানি হয়।
এর প্রতিবাদে স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল বলে পরিচিত জামায়াত তিনদিনের প্রতিবাদ কর্মসূচি দেয়। সোমবার ছিল কর্মসূচির দ্বিতীয় দিন। এদিন জেলা ও উপজেলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএএইচ/এআরআর/জিএনএ/১৯৩৩ ঘ.
bdnews24