বাংলাদেশ/রাজনীতি
বিএন-
ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে ক্ষমতাসীন আওয়ামী লীগ 'খুবই সন্তুষ্ট' বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেছেন, এই সফরে যে চুক্তিগুলো হয়েছে- তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তিস্তা নদীর পানির বন্টন চুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে আশরাফ বলেন, "এই চুক্তি সই হবে। এই চুক্তি অবশ্যই বাস্তবায়ন হবে।"
ভারতকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসাবে আখ্যায়িত করে দু'দেশের নাগরিকদের ঐতিহ্যগতভাবে 'একই দেশের নাগরিক' হিসাবে আখ্যায়িত করেন আশরাফ।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শনিবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলাম এ সব কথা বলেন।
মনমোহন সিং গত ৬ ও ৭ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করেন। এ সফরে বহুপ্রতীক্ষিত তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় খসড়া চুক্তিতে সম্মত না হওয়ায় চুক্তিটি হয়নি।
বৃহস্পতিবার প্রধান বিরোধী দল বিএনপি দাবি করেছে, মনমোহন সিংয়ের সফর ব্যর্থ হয়েছে।
এ জন্য সরকারের 'অদক্ষতাকে' দায়ী করে বিএনপি দাবি করে, সরকারের কূটনৈতিক দেউলিয়াত্ব, সমন্বয়হীনতা, অযোগ্যতা, অদক্ষতা ও সংকীর্ণতার কারণে এই সফর ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৩৯ ঘ.
bdnews24