২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শহীদ মিনারে ঈদ করলেই হাজারে হওয়া যায় না'

বেহাল মহাসড়কের জন্য যোগাযোগমন্ত্রীর অপসারণ দাবি করে কেন্দ্রীয় শহীদ মিনারে ঈদ উদযাপনের ঘোষণা দেওয়ায় লেখক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের সমালোচনা করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 09:58 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেহাল মহাসড়কের জন্য যোগাযোগমন্ত্রীর অপসারণ দাবি করে কেন্দ্রীয় শহীদ মিনারে ঈদ উদযাপনের ঘোষণা দেওয়ায় লেখক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের সমালোচনা করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। শনিবার রাজধানীর রিপোর্টাস ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, "প্রত্যেক ঈদেই বাড়ি ফেরা নিয়ে জনদুর্ভোগ হয়, তাই এ নিয়ে রাজনীতি করার সুযোগ নেই। এক কাপড় পরে ঘুরলে বা শহীদ মিনারে ঈদ করলেই আনা হাজারে বা গান্ধীজী হওয়া যায় না।" ভারতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনের দাবিতে সমাজকর্মী আনা হাজারে টানা ১১ দিন ধরে অনশন করছেন। হাজারে বা গান্ধীজী হতে হলে মানুষের জন্য কাজ করতে হয় বলে মন্তব্য করেন কামরুল। বেহাল মহাসড়কের জন্য যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের অপসারণ দাবি করে গত বুধবার এক প্রতিবাদ সভায় মকসুদ ঘোষণা দেন, ৩০ অগাস্টের মধ্যে তাকে (আবুল হোসেন) অপসারণ না করলে ঈদের সময়টা তিনি শহীদ মিনারে কাটাবেন। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব আশফাক (মিশুক) মুনীরের মৃত্যু এবং বিভিন্ন মহাসড়কে নাজুক অবস্থার জন্য সমালোচনার মুখে পড়েন যোগাযোগমন্ত্রী। সংসদেও তার পদত্যাগের দাবি ওঠে। সৈয়দ আবুল হোসেন বেহাল মহাসড়কের জন্য দুঃখ প্রকাশ করলেও পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে আসছেন। আইনজীবী এম ইউ আহম্মেদের মৃত্যু প্রসঙ্গে কামরুল বলেন, "পুলিশ হেফাজতে তাকে নির্যাতন করা হয়েছে- এমন দাবি তার স্বজদের পক্ষ থেকে করা হয়নি। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। এখন তার মৃত্যু নিয়ে রাজনীতি শুরু করেছে একটি দল।" "এখন ওই দলটির সঙ্গে তথাকথিত বুদ্ধিজীবী ও জ্ঞানপাপিরাও সুর মেলাচ্ছে," যোগ করেন তিনি। পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে পড়ার ১৫ দিন পর শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম ইউ আহম্মেদ। তার স্ত্রী এবং বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগে পুলিশ হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই আহম্মেদের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলে আসছে, গ্রেপ্তারের পরপরই এই আইনজীবীর হার্ট অ্যাটাক হয়েছিল। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদের সরকার দলীয় হুইপ মুজিবুল হক মুজিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/আরএ/১৫৫৬ ঘ.