ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছিলো। এর মধ্য দিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে প্রথম অভিযুক্ত হতে চলেছেন জামায়াতের নায়েবে আমির সাঈদী।
বুধবার সকাল ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হলে সাঈদীর আইনজীবীরা আরো সময় চেয়ে বিচারকদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। তাদের বসতে বলা হলেও তা অগ্রাহ্য করেন তারা। এক পর্যায়ে শুনানিতে অংশ না নেওয়ার হুমকিও দেন তারা।
পরে বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন ট্রাইবুনাল ১১টার দিকে শুনানি মুলতবির আদেশ দেন।
মঙ্গলবার সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু করেন ট্রাইবুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। পরে অভিযোগ পড়ে শোনান প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।
সাঈদী নিজে ও তার নেতৃত্বে এক দল লোক একাত্তরে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করে এবং তাদের সহায়তায় পিরোজপুরের বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকায় হত্যা, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ চালায় বলে অভিযোগ তুলে ধরেন হায়দার আলী।
গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল জামায়াতের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হলেও প্রথম অভিযোগ গঠন হচ্ছে সাঈদীর বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করা হয়েছিলো ২০১০ সালের ২৯ জুন।
জামায়াতের গ্রেপ্তার অন্য নেতারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা।
এছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিচারকদের সঙ্গে তর্কাতর্কি
আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম দাঁড়িয়ে সময় প্রার্থনার আবেদন থাকার কথা জানান।
এ সময় আদালত বলে, "পুরো ডেভেলপমেন্ট আমাদের বিবেচনায় রয়েছে। আপনি বসেন।"
জবাবে তাজুল বলেন, "আমাদের প্রস্তুতি নেই। এ অবস্থায় অভিযোগ গঠনের শুনানি চললে আমরা তাতে অংশ নিতে পারবো না।"
আদালত বলে, "সেটা আপনাদের ব্যাপার। প্রসিকিউশন পক্ষ বলছে, তারা শুনানির জন্য প্রস্তুত। তাদের কথা শুনি। আপনাদের সময় এলে তখন দেখা যাবে।"
তাজুল বলেন, "এভাবে সময় না পেলে আমরা প্রিজুডিসড হবো। আমার মক্কেলকে যথাযথভাবে আইনি সহায়তা দেওয়া হবে না। শুনানিতে আমরা শুধু শুনবো, আর তারা শুনানি করবে- এতে তো ন্যায়বিচার হয় না।"
এ পর্যায়ে আদালত বলে, "আপনারা এভাবে প্রতিদিন শুনানি মুলতবির আবেদন না করে সেই সময় প্রস্তুতির জন্য ব্যয় করতে পারেন। আপনি বসেন। এটা কিন্তু বেশি করে ফেলেছেন।"
"আমি আমার মক্কেলকে আইনি সহায়তা দেওয়ার জন্য যা প্রয়োজন, তাই বলেছি", বলেন তাজুল।
আদালত বলে, "আপনি আমার কাছে জানতে চাইবেন না, আপনি কী বলেছেন। আপনি কোথায় কী বলেছেন, সেটা আমরা জানি। এখন তো প্রযুক্তির যুগ।"
এর জবাবে তাজুল বলেন, "আমি মিডিয়ায় আদালত কার্যক্রমের বাইরে কোনো কথা বলিনি। কেউ যদি আমাকে ভুলভাবে কোট (উদ্ধৃত) করে সেটা দেখার সুযোগও আমার হয়নি।"
আসামি পক্ষকে ১৯ জুলাই কাগজপত্র দেওয়ার কথা ছিলো জানিয়ে তাজুল বলেন, "আমরা কাগজ পেয়েছি ২৭ জুলাই। সেখানে আবার ৯৭ পৃষ্ঠা অস্পষ্ট। আমাদের আবেদনে তারা আবার কাগজপত্র দিলেও সেখানেও ৭২ পৃষ্ঠা অস্পষ্ট। সেই কাগজপত্র নিয়েও আমরা মক্কেলের সঙ্গে কথা বলতে পেরেছি ১৬ অগাস্ট। এর মধ্যে আবার ৩৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে, যা আমরা এখনো দেখতে পারিনি।"
"এভাবে তারা (প্রসিকিউশন) আদালতের আদেশ লঙ্ঘন করে চলেছেন। আদালতের নির্দেশ তারা অমান্য করার পরও তাদের শুনানি অব্যাহত রাখলে এটা তাদেরকে উৎসাহিত করবে। এই শুনানি চলতে পারে না", বলেন সাঈদীর আইনজীবী।
তখন আদালত বলে, "আপনার প্রথম বক্তব্যের সঙ্গে আমি একমত হলেও দ্বিতীয় বক্তব্যের সঙ্গে একমত নই।"
পরে অ্যাডভোকেট তাজুলকে বারবার আসন গ্রহণের কথা উল্লেখ করে আদালত বলে, "আপনি বসুন। প্রসিকিউটরদের শুনানি শুনুন এবং নোট নিন।"
এ সময় তাজুল বলেন, "এই পর্যায়ে এসে আমরা প্রস্তুতি ছাড়া শুনানিতে অংশ নিতে পারবো না। এক পক্ষের প্রস্তুতি ছাড়া এ শুনানি চলা উচিত নয়। এরপরও যদি শুনানি অব্যাহত থাকে তাহলে আমরা এই শুনানিতে অংশ নিচ্ছি না।"
এ কথা বলে তিনি বসে যান।
পরে প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু শুনানির জন্য দাঁড়ালে আদালত বলে, "আপনাদের আমরা সতর্ক করছি। আপনারা বারবার ভুল করছেন। আপনাদের জন্য আমরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি।"
'আমরাও আপনাদেরকে সহযোগিতা করবো' গোলাম আরিফ টিপুর এমন বক্তব্যে আদালত বলে, "সহযোগিতা করছেন কোথায়। আমরা তো আপনাদের অবহেলা পাচ্ছি।"
জবাবে টিপু বলেন, "অভিযুক্তের আইনজীবীরা যদি যৌক্তিক সময় প্রার্থনা করে তাহলে সময় বৃদ্ধিতে আমাদের আপত্তি নেই।"
পরে আদালত মুলতবি করা হয়।
পরে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে আমরা ঢাকার বাইরে ঈদ করতে যাই। সেখান থেকে ফিরে ৪ সেপ্টেম্বর শুনানির জন্য ফিরে আসা আমাদের পক্ষে সত্যিই কষ্টকর।"
"যথাযথ প্রস্তুতি না নিতে পারলে সে সময় আমরা আবারো সময় প্রার্থনার আবেদন করবো", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24