ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রীদের সমালোচনায় মুখর সরকারদলীয় সংসদ সদস্যদের সহনশীল মনোভাব প্রদর্শনের আহ্বান জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
দলীয় সংসদ সদস্যদের প্রতি তার পরামর্শ, সংসদে বিরোধী দলের অনুপস্থিতিতে সরকারি দলের সংসদ সদস্যদের 'বিরোধী দলের' ভূমিকায় অবতীর্ণ না হয়ে পরিস্থিতি অনুধাবণ করে কথা বলতে হবে।
যোগাযোগ ব্যবস্থা নিয়ে গত বৃহস্পতিবারই সংসদে ব্যাপক সমালোচনা হয় যোগাযোগমন্ত্রীর। সংসদ সদস্যরা সমালোচনা করেন অর্থ, স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রীরও।
তাদের ওই বক্তব্যের রেশ ধরে মঙ্গলবার নানক সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, "কী পেলাম আর কী পেলাম না। আর, কী নিলাম আর কী নিলাম না। বিষয়টি ছেলের হাতের মোয়া নয়।"
"সরকারের আড়াই বছর পার হয়েছে। বিডিআর বিদ্রোহ, বিশ্বমন্দাসহ কী পরিস্থিতির উত্তরণ করতে হয়েছে, তা সবার জানা। যেখানে সরকার ও সরকার প্রধান ধন্যবাদ পাওয়ার যোগ্য। তা বেমালুম ভুলে যান সবাই", বলেন তিনি।
তার মতে, সরকারি দলের সংসদ সদস্যদের সমালোচনামূলক বক্তব্য বিভ্রান্তি তৈরি করে।
সড়ক মেরামতে অর্থ বরাদ্দ নিয়ে অর্থ ও যোগাযোগমন্ত্রীর পাল্টপাল্টি বক্তব্য ধরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, "সব দোষ নন্দ ঘোষের ওপর চাপিয়ে দিয়ে লাভ কী! বিশ্বমন্দায় উচ্চ মূল্যে চাল, তেল ও জ্বালানি কিনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়েছে। এখন আমরা বলছি তো বলছি। অথচ সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য।"
নানক জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় গত বছর ৯৯ দশমিক ৯৮ শতাংশ কাজ সম্পন্ন করেছে। "হতাশ হওয়ার কোনো কারণ নেই। সরকারের বাকি আড়াই বছরে এবারও সফল হবো আমরা", সংসদ সদস্যদের আশ্বস্ত করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এমআই/১৬২৫ ঘ.
bdnews24