ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করতে সরকার বিএনপির ওপর দোষ চাপিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববার সন্ধ্যায় ইফতারপূর্ব এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "২১ অগাস্টের ঘটনা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। বর্তমান সরকার এই মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে সাত বছর পর তারেক রহমানসহ দলের নেতাদের জড়িয়ে অভিযোগপত্র দিয়েছে।"
"আমরা সরকারকে বলতে চাই- ২১ অগাস্ট ঘটনার সঙ্গে তারেক রহমান জড়িত নন। রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে ওই মামলায় তাকে জড়ানো হয়েছে। এটা প্রত্যাহার করে নিন।"
এই অভিযোগপত্র 'মিথ্যা' ও 'উদ্দেশ্যমূলক' উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান তিনি।
২১ অগাস্ট গ্রেনেড হামলার সপ্তম বার্ষিকী উপলক্ষে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "এটা প্রকাশ্য দিবালোকের মতো সত্য- বিএনপি-জামায়াত জোট সরকারের মদদ ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে না।"
২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে সন্ত্রাসবিরোধী শোভাযাত্রার আগে সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। হাসিনা প্রাণে বেঁচে গেলেও দলের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হয়। আহত হয় শতাধিক।
গত ৩ জুলাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, হারিছ চৌধুরী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে ২১ অগাস্ট মামলার সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি।
লালবাগে মেডিকেল স্টাফ কোয়ার্টার মাঠে সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু মুক্তি পরিষদের উদ্যোগে এই আলোচনা সভা ও ইফতার হয়।
চারদলীয় জোট সরকারের সময়ে ২১ অগাস্ট ঘটনার তদন্ত সম্পর্কে সাবেক প্রতিমন্ত্রী ফখরুল বলেন, "আমরা ২১ অগাস্ট ঘটনার সময় ক্ষমতায় ছিলাম। ওই ঘটনায় আমরা নিন্দা জানিয়েছি। এর সুষ্ঠু তদন্তের জন্য যুক্তরাজ্যের স্কটল্যাণ্ড ইয়ার্ডকে তদন্ত করতে ঢাকায় আনা হয়েছিলো। কিন্তু আওয়ামী লীগ ওই তদন্ত টিমকে সহযোগিতা করতে রাজি হয়নি। তারা মামলার তদন্তে অসহযোগিতা করেছে।"
বর্তমান সরকার 'ব্যর্থ' দাবি করে ফখরুল বলেন, "জনগণের কোনো সমস্যার সমাধান তারা দিতে পারেনি। সেই দিকে সরকারের নজরও নেই। একটি দিকে তাদের নজর রয়েছে- কিভাবে বিরোধী দলকে নির্মূল করা যায়, যাতে আগামী নির্বাচনে দলটি অংশ নিতে না পারে।"
বিডিআর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে উদ্দেশেমূলকভাবে জড়িয়ে আসল অপরাধীদের আড়াল করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সংগঠনের আহ্বায়ক সাঈদ তালুকদার সোহেলের সভাপতিত্বে এই আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বনির্ভর বিষয়ক সম্পাদক জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুল ও পিন্টুর স্ত্রী স্থানীয় ওয়ার্ড কমিশনার নাসিমা আক্তার কল্পনা, হাজারীবাগ থানার সভাপতি রমজান আলী হিরু, মহানগর যুগ্ম আহবায়ক মো. আজিজুল্লাহ আজিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/পিডি/২০৩২ ঘ.
bdnews24