২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের 'সাজানো' বিচারের বিপক্ষে বিএনপি

রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সরকার 'যুদ্ধাপরাধীদের বিচার সাজিয়েছে' বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সরকার 'যুদ্ধাপরাধীদের বিচার সাজিয়েছে' বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার আমরা চাই। তবে তা হতে হবে সত্যিকারের যুদ্ধাপরাধীদের বিচার। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার কোনো বিচার জনগণ মেনে নেবে না।" ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত বছর ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও বিচারক প্যানেল গঠন করলে বহু প্রতীক্ষিত এই বিচার প্রক্রিয়া শুরু হয়। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্ল¬াকে ইতোমধ্যে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও সাবেক মন্ত্রী আব্দুল আলীমকেও এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সালাউদ্দিন কারাগারে এবং আব্দুল আলীম বিশেষ শর্তে জামিনে রয়েছেন। 'সালাউদ্দিন কাদের চৌধুরী জেলে কেন'- এই প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, "সরকার বলছে, তাকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে এখন পর্যন্ত একটি সুনির্দিষ্ট অভিযোগও তারা দাঁড় করাতে পারেনি।" একাত্তরে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের বিরুদ্ধে গত ১৬ জুন তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। আলোচনা সভায় মীর্জা ফখরুল বলেন, "যুদ্ধাপরাধী কারা তাই এখনো সরকার সুনির্দিষ্ট করেনি। কাউকে যেন অন্যায়ভাবে হয়রানি করা না হয়।" উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় সালাউদ্দিন কাদেরের স্ত্রী ফারহাত কাদের চৌধুরীসহ উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৯২৯ ঘ.