বরগুনা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত বরগুনাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি।
শনিবার বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
কৃষি অফিসের বরাত দিয়ে বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে জানান, জেলার ৬ হাজার ৯২৯ হেক্টর রোপা আউশ (উফশী) ফসলের জমি পানিতে নিমজ্জিত। উফশী আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৮৬ হেক্টর। স্থানীয় আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হাজার ৪৫ হেক্টর। শাক-সব্জির ক্ষতি হয়েছে ৪৮৭ হেক্টর জমিতে।
বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের কারণে বরগুনার ৫ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ এবং সাড়ে ৬ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে এই জেলাকে দুর্গত এলাকা ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
জেলা বিএনপির সভাপতি মাহাবুবুল আলম ফারুক মোল্লা, সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান লে. কনেল (অব.) আবদুল খালেক, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মোহাম্মদ হালিম, সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তরা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২১৯ ঘ.
bdnews24