ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।
শনিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্যরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত করতে গেলে তিনি এই কথা বলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টির জন্য আওয়ামী লীগ কাজ করে মন্তব্য করে হাসিনা বলেন, "সংবিধান সংশোধনের মাধ্যমে সব ধর্ম ও বর্ণের মানুষ যাতে বাংলাদেশে সমান অধিকার নিয়ে বাস করতে পারে তা নিশ্চিত করা হয়েছে। এমনকি, ক্ষুদ্র জাতিসত্ত্বার অধিকারও নিশ্চিত করা হয়েছে।"
ভবিষ্যতে কেউ যেন আর জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে তা নিশ্চিত করতে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে অবৈধভাবে ক্ষমতা দখলের শাস্তি নিশ্চিত করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, হঠাৎ করে সংবিধান ছুড়ে ফেলার লোকের উদ্ভব হয়েছে। তাদের সমস্যা কোথায় জানি না।
গত ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনী সংসদে পাস হয়।
দেশের সাধারণ নাগরিককে উদার আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, "আমি দাবি করে বলতে পারি- যখন আমরা ক্ষমতায় থাকি, তখনই দেশের সব মানুষ তাদের অধিকার ভোগ করতে পারে।"
২০০১ সালের সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের সমর্থকদের ওপর চারদলীয় জোটের অত্যাচার নির্যাতনের বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "তখন যা হয়েছে- তা শুধু হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্ট্রান নয়, যারা নৌকায় ভোট দিয়েছেন, তারাই আঘাত পেয়েছেন। মুসলমানরাও রেহাই পায়নি। সব ধর্মের লোকই নির্যাতিত হয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/পিডি/২১১৪ ঘ.
bdnews24