২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চাইলে জিয়া হত্যার বিচারে সহযোগিতা পাবে বিএনপি'

বিএনপি চাইলে জিয়া হত্যা মামলার বিচারে প্রয়েজনীয় সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চাইলে জিয়া হত্যা মামলার বিচারে প্রয়েজনীয় সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক আলেচনা সভায় তিনি বলেন, "বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। বিএনপি যদি জিয়া হত্যার বিচার চায় তাহলে বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।" ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা সদস্যের গুলিতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঘটনার একদিন বাদে গোয়েন্দা শাখার সহকারী কমিশনার মোকাররম হোসেন চট্টগ্রামের তৎকালীন জিওসি মেজর জেনারেল এম এ মঞ্জুরসহ ১০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। একই বছরের ২৩ সেপ্টেম্বর সামরিক আদালতে 'সেনা বিদ্রোহের মামলায়' ১৩ জনকে বিভিন্ন কারাগারে ফাঁসি দেওয়া হয়। দুই বছর পর ফাঁসি কার্যকর করা হয় আরো একজনের। সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান বিএনপির প্রতি নির্বাচন কমিশনকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, "আমরা শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে চাই। তাই বিএনপির প্রতি আমার আহ্বান, আপনারা নির্বাচন কমিশনকে সহযোগিতা করুন।" এ পর্যন্ত তিনবার সংলাপের আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশন চিঠি দিলেও 'পক্ষপাতদুষ্টতার' অভিযোগ এনে সংলাপে অংশ নেওয়া থেকে বিরত রয়েছে বিএনপি ও এর শরিক দল। আলোচনায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সস্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, সাংগঠনিক সম্পাদক খন্দকার ফরিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/২০০৯ ঘ.