ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সঙ্গে চুক্তির বিরুদ্ধে জনমত রুখতেই বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে 'মিথ্যা' মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
রফিকুল বলেন, "ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরে বিভিন্ন চুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে। এসবের বিরুদ্ধে যাতে কোনো প্রতিরোধ গড়ে উঠতে না পারে সেজন্য খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দমন-পীড়ন শুরু হয়েছে দলের কর্মীদের ওপর।"
আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকা আসবেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ওই সফরে ট্রানজিট প্রটোকলসহ বেশ কয়েকটি চুক্তি হওয়ার কথা রয়েছে।
খালেদা জিয়া ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 'মিথ্যা' মামলা দায়েরের প্রতিবাদে বাংলাদেশ পেশাজীবী পরিষদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট্রের নামে জমি কেনায় আর্থিক অনিময়ের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে গত ৮ অগাস্ট একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময়ে এটাই খালেদার বিরুদ্ধে দুর্নীতির প্রথম মামলা। ওইদিনই ঢাকার একটি আদালত খালেদার বড় ছেলে তারেকের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় অভিযোগ গঠন করে।
দেশে দ্বৈত আইন চলছে- এমন মন্তব্য করে সাবেক পূর্তমন্ত্রী রফিকুল বলেন, "সরকারি দলের জন্য আইন এক রকম, আর বিরোধী দলের জন্য ভিন্ন। সরকারি দলের সাড়ে ৭ হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে। অনেক সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধী দলের বিরুদ্ধে দায়ের হওয়া কোনো মামলাই প্রত্যাহার করা হয়নি। উল্টো নতুন মামলা দেওয়া হচ্ছে।"
সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চলবে বলে উল্লেখ করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "শুনেছি, ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের আগে বিরোধী দলের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হতে পারে। এভাবে দমন নির্যাতন চালিয়ে আপস করানো যাবে না।"
সরকার প্রশাসন ও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ করেন তিনি।
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রহুল কুদ্দুস তালুকদার দুলু, য্বুদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জেকে/১৭৪৬ ঘ.
bdnews24