ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববার দুপুরে এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান এই অভিযোগ করেন।
তিনি বলেন, "দেশে সুশাসনের পরিবর্তে দুঃশাসন চলছে। সরকার দেশকে পুলিশি স্টেটে পরিণত করেছে। এখন পুলিশের দুর্দান্ত প্রতাপ ও আধিপত্য চলছে। এক সময় রক্ষীবাহিনী এরকম আধিপত্য দেখিয়েছিলো।"
জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে প্রজন্ম একাডেমীর উদ্যোগে 'আওয়ামী লীগের দঃশাসনের আড়াই বছর : বিপন্ন মানবতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব' শিরোনামের এ আলোচনা সভা হয়।
সাবেক সেনাপ্রধান মাহবুুবুর রহমান বলেন, "ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা আসছেন। আমরা উৎকন্ঠিত, মনমোহন সিং আসলে যেসব চুক্তি হবে- তাতে আমরা কী পাব।"
মনমোহন সিং আগামী ৬ তারিখ দুদিনের সফরে বাংলাদেশের আসার কথা রয়েছে।
সংগঠনের সভাপতি আবু আল ইউসুফ খান টিপু'র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি-মতিন) মহাসচিব আবু নাসের মো. রহমাতুল্লুাহ প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮১১ ঘ.
bdnews24